বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : গুয়াহাটির নারেঙ্গি রেলপথের পাশে নগদ প্রায় ২৫ লক্ষ টাকা-সহ উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। মৃত যুবকের নাম অসীম দেবনাথ। তিনি শ্রীভূমি জেলার বাসিন্দা বলে জানা গেছে।

প্রাথমিক সূত্রে জানা গেছে, টিকিট ছাড়াই গুয়াহাটি থেকে ট্রেনে যাত্রা করেছিলেন অসীম। ভুল ট্রেনে উঠে পড়েই তাঁর যাত্রা শুরু হয়েছিল বলে জানা গেছে। এদিকে মৃতের পরিচয় জানার পর তাঁর ভাই পল্টনবাজার জিআরপি-র সঙ্গে যোগাযোগ করেছেন। আগামীকাল শিলঙে থাকা পরিবারের সদস্যরা মৃতদেহটি শনাক্ত করবেন বলে জানা গেছে।

তবে মৃত যুবকের সঙ্গে থাকা ব্যাগ থেকে উদ্ধার হওয়া নগদ ২৫ লক্ষ টাকার উৎস এখনও জানতে পারেনি পুলিশ। এত বিপুল পরিমাণ অর্থ তাঁর কাছে কীভাবে এল, তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, শনিবার নারেঙ্গি রেলপথের পাশে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃতের বয়স আনুমানিক ৪০ বছর বা তার বেশি বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল। তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে প্রায় ২৫ লক্ষ টাকা উদ্ধার হয়। পাশাপাশি করিমগঞ্জ পুরসভার একটি নথিও পাওয়া যায়। সেই নথির সূত্র ধরেই মৃতের পরিচয় সম্পর্কে প্রাথমিক সূত্র মেলে।



