সুপারি পরিবহনে পুলিশি হয়রানির অভিযোগ, দিগরখালে শতাধিক চাষির ধরনা

Spread the news

হয়রানি বন্ধ না হলে চরম সিদ্ধান্তের হুঁশিয়ারি ক্ষুদ্র চাষিদের, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : স্থানীয়ভাবে উৎপাদিত সুপারি পরিবহনে পুলিশের বাধা ও আর্থিক হয়রানির অভিযোগ তুলে সরব হলেন কাছাড় জেলার পশ্চিম কাটিগড়ার ক্ষুদ্র সুপারি চাষিরা। রবিবার পুলিশের হয়রানি বন্ধের দাবিতে দিগরখাল কালাইছড়া পুলিশ চেক গেটের সামনে শতাধিক সুপারি চাষি ধর্নায় বসে প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সুপারি বাজারজাত করতে গিয়ে পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে। এমনকি বর্তমানে গুমড়া থেকে জালালপুরে সুপারি পরিবহনের ক্ষেত্রেও গুমড়া পুলিশের বিরুদ্ধে হয়রানি ও অর্থ দাবি করার অভিযোগ উঠেছে।

প্রতিবাদী চাষিদের বক্তব্য, তাঁরা মূলত ক্ষুদ্র কৃষক। স্বনির্ভর গোষ্ঠী (এসএইচজি) থেকে ঋণ নিয়ে সুপারি চাষ করে কোনওমতে সংসার চালান। একে তো অসম থেকে মেঘালয় তাদের চাষ করা সুপারি নিয়ে যেতে পারছেন না। তার উপর এলাকায় চারটি সুপারি বাজার থাকলেও উৎপাদিত ফসল বাজারে নিয়ে যাওয়ার সময় বারবার পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে। আগে দিগরখাল পুলিশ চেক গেটে হয়রানির অভিযোগ ছিল, আর বর্তমানে নতুন করে সংযোজন হয়েছে, গুমড়া বাজার থেকে জালালপুর বাজারে সুপারি নিয়ে যাওয়ার ক্ষেত্রেও একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে দাবি তাঁদের।

চাষিদের অভিযোগ, সুপারি পরিবহনের জন্য তাঁদের কাছ থেকে অর্থ দাবি করা হয়। ফলে একদিকে ঋণের বোঝা, অন্যদিকে উৎপাদিত ফসল বাজারজাত করতে বাধা সব মিলিয়ে চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন তাঁরা। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি চলতে থাকায় তাঁদের জীবিকা আজ অনিশ্চয়তার মুখে।

ধরনাস্থলে ক্ষুব্ধ ও আবেগাপ্লুত চাষিরা জানান, তাঁদের আর কোনও পথ খোলা নেই। দ্রুত সমস্যার স্থায়ী সমাধান না হলে তাঁরা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। এমন পরিস্থিতির জন্য কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বরাক উপত্যকার দুই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায় এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের দায়ী থাকবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। কান্নাভেজা কণ্ঠে কয়েকজন চাষি বলেন, “আমরা আন্দোলন করতে জানি না, আমরা জানি আত্মহত্যা করতে!” তাঁদের এই বক্তব্যে ধর্নাস্থলে গভীর উদ্বেগ ও আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

ধরনাস্থলে বক্তব্য রাখেন অমল দাস, কার্বি জনজাতির এক মহিলা সহ এলাকার আরও কয়েকজন। তাঁরা ক্ষুদ্র চাষিদের দুর্দশার কথা তুলে ধরে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। এদিকে চাষিদের আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিজেপি ওবিসি মোর্চার পশ্চিম কাটিগড়া মণ্ডল সভাপতি নিরূপম নাথ। তিনি জানান, চাষিদের সমস্যার বিষয়টি ইতিমধ্যে ব্যক্তিগতভাবে কাছাড়ের পুলিশ সুপারকে অবগত করেছেন। কিন্তু এত কিছুর পরও সুপারি চাষিদের দুর্ভোগের অবসান হচ্ছে না বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। পাশাপাশি স্থানীয় বিধায়ক, বরাক উপত্যকার দুই মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান।

পরে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশে একটি স্মারকলিপিও প্রেরণ করা হয়। ক্ষুদ্র সুপারি চাষিদের দাবি, তাঁদের উৎপাদিত ফসল নির্বিঘ্নে বাজারজাত করার সুযোগ নিশ্চিত করতে হবে এবং পরিবহনের নামে পুলিশি হয়রানি ও অর্থ দাবি করার অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ দিকে, পুলিশের বিরুদ্ধে অর্থ দাবি সহ হয়রানির অভিযোগ প্রসঙ্গে গুমড়া পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *