কাবুগঞ্জে সেমিতে ভিক্টরি ক্লাব, লাল কার্ড

Spread the news

বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : কাবুগঞ্জ ফুটবল অ্য়াকাডেমির উদ্যোগে আয়োজিত ৯-এ-সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিল ভিক্টরি ক্লাব। রবিবার অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনালে বড়খলার জারুলতলা এফসিকে ২-০ গোলে পরাজিত করে শেষ চারের টিকিট নিশ্চিত করে তারা। ম্যাচের প্রথমার্ধে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জারুলতলা এফসি। একের পর এক আক্রমণে ভিক্টরি ক্লাবের রক্ষণভাগকে চাপে রাখলেও গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে ভিক্টরি ক্লাবও পাল্টা আক্রমণের মাধ্যমে গোলের সুযোগ তৈরির চেষ্টা চালায়। তবে উভয় দলের আক্রমণ ও পাল্টা আক্রমণ সত্ত্বেও প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে দুই দল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই খেলার গতি বাড়িয়ে দেয় ভিক্টরি ক্লাব। ৪৭ মিনিটে ডেনিয়েল কাশিয়ার দুর্দান্ত গোলে এগিয়ে যায় দল। গোল হজমের পর সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে জারুলতলা এফসি। কিন্তু ভিক্টরি ক্লাবের সুসংগঠিত রক্ষণভাগ ভেদ করতে পারেনি তারা। এরই মধ্যে ৫৬ মিনিটে সেম ডেকারের নিখুঁত গোলে ব্যবধান ২-০ করে ভিক্টরি ক্লাব। শেষ পর্যন্ত এই ব্যবধান বজায় রেখেই জয় নিশ্চিত করে তারা। ম্যাচের শেষ পর্যায়ে জারুলতলা এফসির খেলোয়াড় মিয়াকে পরপর দু’বার ফাউলের অভিযোগে রেফারি লাল কার্ড দেখান। ফলে তাঁকে মাঠ ছাড়তে হয় এবং বাকি সময় আটজন খেলোয়াড় নিয়ে খেলতে হয় জারুলতলা এফসিকে।

ম্যাচের সেরা খেলোয়াড় সেম ডেকারের হাতে পুরস্কার তুলে দেন মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সিতাংশু দাস। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ বাপ্পা পাল ও রাজা পাল।

এদিনের ম্যাচ পরিচালনা করেন শামিম আহমদ বড়ভূইয়া, জাফর বড়ভূইয়া, সাহিদ চৌধুরী ও দুলন বর্মন। আগামীকাল মুখোমুখি হবে আরআর স্পোর্টিং এফসি ও ডাউনহিল নাগাখাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *