বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : যোরহাটে পুলিশের চালানো এক অভিযানে পিস্তল এবং তাজা কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃত যুবকটিকে নতুন মেলেঙের বাসিন্দা গোপাল দাস বলে শনাক্ত করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এক গোপন সূত্রে খবর পেয়ে ভোগদৈ পুলিশ যোরহাটের লাচিত মৈদাম রোডে অভিযান চালায়। এই অভিযানে পুলিশ গোপাল দাসের হেফাজত থেকে একটি ৭.৬৫ এমএম পিস্তল এবং দুই রাউন্ড তাজা কার্তুজ বাজেয়াপ্ত করে। ধৃত যুবকটি যোরহাট সদর থানার অন্তর্গত নতুন মেলেঙের বাসিন্দা তথা প্রয়াত হেমো দাসের ছেলে বলে জানা গেছে।

অন্যদিকে, যুবকটি কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেছিল এবং কী উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল, সে বিষয়ে আরও তথ্য পেতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ঘটনাটি নিয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।




