২১ নভেম্বর : জয়পুর থেকে অ্যাম্বুল্যান্সে মৃতদেহ নিয়ে কোচবিহারের ফিরছিলেন। পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের। শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসের বরাবাঁকির সুবেহা থানা এলাকার গেঁরোয়া গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অ্যাম্বুল্যান্স চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে ধাক্কা মারেন। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে সুবেহা থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের জানা গিয়েছে, রাজস্থানের জয়পুর থেকে ৩৮ বছর বয়সি আজিজুল হকের মৃতদেহ নিয়ে কোচবিহারের বালাভূতে ফিরছিলেন পরিবারের সদস্যরা। অ্যাম্বুল্যান্সে (RJ 14 PF 8529) ছিলেন মোট ৫ জন। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে ছিল। তীব্র গতিতে অ্যাম্বুল্যান্সটি তার পিছনে গিয়ে ধাক্কা মারে বলে অভিযোগ।
প্রবল ধাক্কায় দুমড়েমুচড়ে যায় অ্যাম্বুল্যান্সটি। ভেঙে যায় জানলার কাচ। পিক আপ ভ্যানটিও ক্ষতিগ্রস্ত হয়। প্রবল শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় সুবেহা থানার পুলিশও। আমিনুর হক (৪০), হরিওম (৩৩), রুপিক (৫০), মকবুল খান (৬২) এবং অ্যাম্বুল্যান্স চালক আলমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হায়দরগড়ের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

কোচবিহারে মৃতদের পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে বলে জানিয়েছে সুবেহা থানার পুলিশ। এই প্রসঙ্গে বরাবাঁকির পুলিশ সুপার রবিনা ত্যাগী বলেন, ‘অ্যাম্বুল্যান্সের দু’জন চালক ছিলেন। আর পরিবারের সদস্য তিন জন। দুর্ঘটনায় পাঁচ জনেরই মৃত্যু হয়েছে।’ তবে কী ভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দুর্ঘটনার খবর পৌঁছতেই কোচবিহারের বালাভূতে শোকের ছায়া নেমে এসেছে। কী কারণে অ্যাম্বুল্যান্সটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এক্সপ্রেসওয়েতে পিকআপ ভ্যানটি কেন দাঁড়িয়েছিল, সেটিও তদন্তের আওতায় রয়েছে। দুর্ঘটনাগ্রস্ত দু’টি গাড়ির অবস্থান এবং চালকদের ভূমিকা খতিয়ে দেখে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ।



