সেতুর রেলিং ভেঙে নদীতে গাড়ি, মৃত্যু ৬ জনের

Spread the news

১৯ নভেম্বর : বিহারের আরারিয়া জেলার তারাবাড়ি থানা এলাকায় বুধবার গভীর রাতে দ্রুত গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিদি সেতুর রেলিং ভেঙে জলে পড়ে যায়। জলে ডুবে মৃত্যু হয় ৬ জন যাত্রী। একজনকে উদ্ধার করেছেন স্থানীরা।

স্থানীয় সূত্রে খবর, নদীতে গাড়ি পড়ে যাওয়ার আওয়াজ ও আরোহীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারাই প্রথমে ছুটে যান। গাড়ি সমেত ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করার জন্য জলে ঝাঁপ দেন স্থানীয় কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। গাড়ির মধ্যে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে দ্রুত আরারিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক ভাবে পরীক্ষা করার পর চিকিৎসকরা ছয় জনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর ভাবে জখম হওয়া এক যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তিরা হলেন, গাড়ির চালক কুন্দন কুমার(২৬),যশ কুমার(১৫), আদিত্য আনন্দ(১৮), আরিয়ান(১৫), সৌরভ(১৬) ও মুন্না কুমার(১৪)। তাঁরা সকলেই সুপৌল জেলার পিপড়া ব্লকের থুমহা গ্রামের বাসিন্দা। আরারিয়ার সিক্তির ভাপটিয়া গ্রামে একটি তিলক অনুষ্ঠান (বিয়ের আশীর্বাদ) সেরে স্করপিও গাড়িতে বাড়ি ফিরছিলেন কনের পরিবারের লোকজন। বিদি ব্রিজের মোড় ঘোরার সময় স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে মারিয়া নদীতে পড়ে যায়।

থুমহা গ্রামে দুর্ঘটনার খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে। তারাবাড়ি থানার পুলিশ জানিয়েছে, কী ভাবে দুর্ঘটনাটি ঘটেছে তার কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে তাঁদের অনুমান, গতিবেগ বেশি থাকার কারণেই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ও নদীতে গাড়ি পড়ে যায়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *