
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : বড়জালেঙ্গায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্রজকিশোর হাইস্কুলের প্রাক্তন শিক্ষক তথা এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ বিভাষ সেন (৭০)। মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর আকস্মিক প্রয়াণে ছোটজালেঙ্গা-সহ ধলাই বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা প্রায় ছয়টা নাগাদ বাজার থেকে বাড়ি ফেরার পথে বড়জালেঙ্গা খেলার মাঠের কাছে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। অভিযোগ, পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাইক তাঁকে ধাক্কা মারে। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে এগারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত বিভাষ সেন ছোটজালেঙ্গা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা। ব্রজকিশোর হাইস্কুলের শিক্ষক হিসেবে দীর্ঘদিন শিক্ষাদানের সঙ্গে যুক্ত থাকার সুবাদে এলাকায় তাঁর যথেষ্ট সুনাম ও পরিচিতি ছিল। শিক্ষাক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করতেন।




