কুলগামে যৌথবাহিনীর গুলিতে নিকেশ লশকর কমান্ডার লতিফ ভাট! মসজিদে লুকিয়েও ফিরিয়েছিল আত্মসমর্পণের আর্জি

Spread the news

১৮ নভেম্বর : অবশেষে কুলগাম অভিযানে বড়সড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তাবাহিনী। জম্মু-কাশ্মীরের কুলগাম (Kulgam) জেলায় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে তুমুল গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে লশকর-এ-ত্যায়বার শীর্ষ কমান্ডার লতিফ ভাট (Latif Rather / Latif Bhat)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৩ বছর বয়সি ওই কুখ্যাত জঙ্গি কুলগামের জাঙ্গালগাম গ্রামের একটি মসজিদের ভেতরে আশ্রয় নিয়েছিল। ধর্মীয় স্থানের পবিত্রতা বজায় রাখতে নিরাপত্তাবাহিনী ভিডিয়ো কলের মাধ্যমে তাকে আত্মসমর্পণের সুযোগ দিলেও, সেই আর্জি প্রত্যাখ্যান করে সে। এরপরই পালটা গুলির লড়াইয়ে খতম হয় লতিফ

পুলিশ সূত্রে খবর, গত দু’দিন ধরে লতিফের খোঁজে গোটা কুলগাম জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছিল যৌথবাহিনী। বুধবার ভোর থেকে গোপন খবরের ভিত্তিতে জাঙ্গালগাম গ্রাম ঘিরে ফেলে জোরকদমে অভিযান শুরু হয়। নিরাপত্তাবাহিনীর সাঁড়াশি চাপে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ে লতিফ এবং প্রাণে বাঁচতে গ্রামের একটি মসজিদের ভেতরে ঢুকে আশ্রয় নেয়।

মসজিদের ভেতরে লতিফের উপস্থিতি নিশ্চিত হওয়ার পরই অত্যন্ত সংযম দেখায় নিরাপত্তাবাহিনী। মসজিদের কোনো ক্ষতি যাতে না হয়, সেই লক্ষ্যে ভিডিয়ো কলের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়। কিন্তু লতিফ স্পষ্ট জানিয়ে দেয় যে সে আত্মসমর্পণ করবে না। এরপরই দু’পক্ষের গুলির লড়াইয়ে নিকেশ হয় এই লশকর কমান্ডার।

ঘটনার সূত্রপাত গত ১১ নভেম্বর। সেদিন কুলগামের অখরানের সিআরপিএফ ক্যাম্পের একটি নাকা চেকিং পোস্টে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। হামলার ঠিক আগের দিন, অর্থাৎ ১০ নভেম্বর লতিফ ভাট ও তার সহযোগী নিসার দারকে মীর বাজার, অখরান, হবলিশ এবং কিলম এলাকায় একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছিল। সিআরপিএফ ছাউনির আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নিরাপত্তাবাহিনী নিশ্চিত হয় যে, এই হামলার মূল চক্রী লতিফ ও নিসার। ফুটেজে তাদের পালানোর পথও চিহ্নিত করা হয়।

হামলার পর গত সোমবার কুলগামের লারু এলাকায় অভিযান চালিয়ে জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG) এবং সেনা যৌথভাবে নিসার দারকে খতম করেছিল। সেদিন গুলিবিদ্ধ অবস্থায় নিরাপত্তাবাহিনীর চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিল লতিফ। অবশেষে বুধবার জাঙ্গালগাম গ্রামের মসজিদে লুকিয়ে থাকা অবস্থায় যৌথবাহিনীর অভিযানে শেষ হলো তার অধ্যায়।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *