বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : দুলীয়াজানের চাঞ্চল্যকর ত্রিপল হত্যাকাণ্ডের ঘটনায় দুই অভিযুক্ত রাজু দাস ও আমির দাসকে গ্রেফতার করেছে পুলিশ। অবোধ আসাম এক্সপ্রেসে চেপে পালানোর চেষ্টা করার সময় শিমলুগুড়ি রেলস্টেশনে ট্রেনের ভিতর থেকেই তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রাজু ও আমির বাড়িতে ঢুকেই প্রথমে চন্দ্রকান্ত ভূঞার উপর হামলা চালায়। এরপর রান্নাঘরে এলিজা ভূঞাকে এবং শোবার ঘরে তাঁদের কন্যা নিহারিকাকে হত্যা করা হয় বলে অভিযোগ।

তদন্তে আরও উঠে এসেছে, অনলাইন গেমিংয়ে বিপুল পরিমাণ টাকা হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছিল রাজু ও আমির। রাজু দাস চন্দ্রকান্ত ভূঞার কাছ থেকেও টাকা ধার নিয়েছিল। সেই ধার শোধ করার উদ্দেশ্যেই চন্দ্রকান্ত ভূঞার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল বলে জানা গিয়েছে।

এদিকে, ধৃত দুই অভিযুক্তের কাছ থেকে নিহতদের সোনার ও রুপোর অলংকার উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সোনার সাতটি পাতের বালা, এক জোড়া কানের দুল, দুটি রুপোর চেন এবং দুটি রুপোর আংটি। উদ্ধার হওয়া অলংকারের আনুমানিক মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা।
এছাড়াও নগদ ১৪ হাজার ৪১০ টাকা এবং নিহত তিনজনের ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও পুলিশের হাতে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



