
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : অবশেষে তিনদিনের তল্লাশির পর বরাক নদী থেকে উদ্ধার হল নিখোঁজ কিশোরের মৃতদেহ। মঙ্গলবার এসডিআরএফের উদ্ধারকারী দল দক্ষিণ কৃষ্ণপুর সংলগ্ন বরাক নদী থেকে কিশোরের দেহ উদ্ধার করে। মৃত কিশোরের বয়স আনুমানিক ১৬ বছর। সে দক্ষিণ কৃষ্ণপুরের বাসিন্দা মকবুল আহমেদের ছেলে সামন আহমদ।
উদ্ধারের পর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে কিশোরের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। পাশাপাশি এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

উল্লেখ্য, গত রবিবার দুই বন্ধুর সঙ্গে বরাক নদীতে স্নান করতে গিয়েছিল সামন আহমদ। তিন বন্ধু প্রথমে সাঁতরে নদীর ওপারে যায়। পরে সেখান থেকে ফেরার সময় নদীর জলে তলিয়ে যায় সামন। এরপর থেকেই নিখোঁজ কিশোরের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়। অবশেষে মঙ্গলবার এসডিআরএফের তৎপরতায় তার মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। এই মর্মান্তিক ঘটনায় দক্ষিণ কৃষ্ণপুর-সহ পার্শ্ববর্তী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামন সোনাবাড়িঘাট ময়ীনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র ছিল।



