বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : কাছাড় জেলা বিজেপি তফশিলি মোর্চার মাসিক সাংগঠনিক বৈঠক সোমবার শিলচরে বিজেপির জেলা মুখ্য কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় মোর্চার জেলা সভাপতি স্বপন শুক্লবৈদ্যের পৌরোহিত্যে আয়োজিত এই বৈঠকে সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের শুরুতে ভারতমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এরপর ভারতীয় সংবিধানের প্রধান রূপকার, ভারতরত্ন ড. ভীমরাও রামজি আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বন্দেমাতরম পরিবেশনের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
বৈঠকে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ, বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা এবং অসম প্রদেশ তফশিলি মোর্চার রাজ্য সম্পাদক রাজেশ কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন মোর্চার সহ-সভাপতি অমলেন্দু লস্কর, প্রাক্তন জেলা সভাপতি শ্রীনিবাস দাস-সহ মোর্চার অন্যান্য পদাধিকারী ও কার্যকর্তারা।
বৈঠকে আগামী ৬ ডিসেম্বর সংবিধান প্রণেতা ড. বি আর আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে শিলচরের গান্ধী ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠান সফল করতে একাধিক উপ-সমিতি গঠন করে বিভিন্ন কার্যকর্তার হাতে দায়িত্ব অর্পণ করা হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে আম্বেদকরের জীবন, আদর্শ ও সংবিধান প্রণয়নে তাঁর অবদান নিয়ে বক্তৃতা প্রতিযোগিতা এবং তাঁর জীবন ও কর্মভিত্তিক চিত্রপ্রদর্শনীর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৫ নভেম্বরের মধ্যে জেলার ২৩টি মণ্ডলের মাসিক সাংগঠনিক বৈঠক সম্পন্ন করার সিদ্ধান্তও গৃহীত হয়।

অন্যদিকে, আগামী ২১ নভেম্বর বিশ্ব মৎস্য দিবস উপলক্ষে রাজ্য তফশিলি মোর্চার নির্দেশনা অনুসারে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অধীনে জেলা তফশিলি মোর্চার কার্যকর্তারা মৎস্য বিভাগের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে নিয়ে জেলার কয়েকটি মৎস্যচাষ প্রকল্প পরিদর্শন করবেন। মৎস্যচাষের গুণগত মান ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

বৈঠকে তৃণমূল স্তরে সংগঠনকে আরও বিস্তৃত ও সুসংহত করার পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সমাজের সর্বস্তরের মানুষকে অবহিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। সভা পরিচালনা করেন জেলা তফশিলি মোর্চার সাধারণ সম্পাদক সমীরণ ফুলমালি। অপর সাধারণ সম্পাদক নিলেন্দু কুমার দাসের ধন্যবাদ জ্ঞাপন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বৈঠকের পরিসমাপ্তি ঘটে।



