লক্ষীপুরে জাতীয় প্রেস দিবস পালন
কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের ভূমিকায় প্রিন্ট মিডিয়া আজও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য। ডিজিটাল সংবাদ দ্রুত এবং তাৎক্ষণিক ভাবে ছড়িয়ে পড়লেও পত্রিকায় মানুষের ভরসা রয়েছে। পত্রিকায় প্রকাশিত সংবাদ পড়ে যে বিশ্বাস পাওয়া যায় সেই বিশ্বাস কিন্তু সামাজিক সংবাদ মাধ্যমে পাওয়া যায় না। সামাজিক সংবাদ মাধ্যম অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি করে এমনকি ভুয়ো খবরও পাওয়া যায়। তাই নিঃসন্দেহে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম প্রিন্ট মিডিয়া। আজ ১৬ নভেম্বর সোমবার জাতীয় প্রেস দিবস উপলক্ষে লক্ষীপুরে আয়োজিত অনুষ্ঠানে এরকম ভাবে অভিমত ব্যক্ত করেন বক্তারা। লক্ষীপুর সমজেলা আয়ুক্ত আয়োজিত হয় ন্যাশনাল প্রেস ডে পালনের আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন লক্ষীপুর পূর্ব কাছাড় প্রেস ক্লাবের সদস্য সদস্যাবৃন্দ।
ন্যাশনাল প্রেস ডে পালনের অনুষ্ঠানে আলোচ্য বিষয় ছিল ‘সাংবাদিকতা জনতুষ্টি না দায়িত্বশীল’। এই আলোচ্য বিষয়ের উপর মুখ্য বক্তা ছিলেন পয়লাপুল নেহরু কলেজের অধ্যাপক শুভজিৎ চক্রবর্তী। তিনি আলোচনায় বলেন, সাংবাদিকদের দায়িত্বশীল হওয়া অত্যন্ত জরুরি। বর্তমান প্রেক্ষাপটে সোস্যাল মিডিয়ার ব্যবহার যথেষ্ট রয়েছে ঠিক, তবে বিশ্বাস ও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম প্রিন্ট মিডিয়া এখনও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম। গণতন্ত্রে চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম সত্য, ন্যায় নিষ্ঠ এবং দায়িত্বশীল হতে হয়। দায়িত্বশীল সংবাদ মাধ্যম দর্পনের মতো কাজ করে। অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আলোচ্য বিষয়ের উপর আলোকপাত করেন ড. শুভজিৎ চক্রবর্তী।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন লক্ষীপুরের সমজেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক। তিনি উপস্থিত সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় করে উপহার তুলে দিয়ে সম্মান প্রদর্শন করেন। সভায় এছাড়াও বক্তব্য রাখেন সহকারী আয়ুক্ত আরিফ আহমদ চৌধুরী, আইনজীবী সঞ্জয়কুমার ঠাকুর, সাংবাদিক পুলক কুমার দাস। সহকারী আয়ুক্ত আরিফ আহমদ চৌধুরী ও আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর বলেন, গণতান্ত্রিক দেশে সংবাদ মাধ্যেমের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। সেই পরাধীন ভারতবর্ষ থেকে আজ অবধি প্রিন্ট মিডিয়া নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম বলে অভিমত ব্যক্ত করেন আরিফ আহমদ চৌধুরী। তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য ও জনসংযোগের কর্মী রসেন্দ্র চাষা।

এ দিন পূর্ব কাছাড় প্রেস ক্লাবের পক্ষ থেকে জাতীয় প্রেস দিবস উপলক্ষে লক্ষীপুরে সোমবার সকালে ক্লাবের পতাকা উত্তোলন করা হয়।



