বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল রামনাথপুর পুলিশ। থানার ওসি ধর্মেন্দ্র দাসের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে একটি ভেরনা গাড়ি থেকে ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, AS 01 DU 6906 নম্বরের ভেরনা গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ট্যাবলেটের সংখ্যা মোট ১৪ হাজার। এই ঘটনায় আজিজুর রহমান (২৭) নামে এক যুবককে আটক করে পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছে।

ধৃত আজিজুর রহমানের পিতার নাম ইছমত আলী। তাঁর বাড়ি শ্রীভূমি জেলার পাথারকান্দি থানার অন্তর্গত ডালানিমুড়ি প্রথম খণ্ডে।
রামনাথপুর থানার ওসি ধর্মেন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের এই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এর সঙ্গে কোনও পাচারচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সন্ধানেও পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযানকে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।




