মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : ভাষা, ধর্ম, দেশ ও ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে মানবতা, সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তা ছড়িয়ে দিতে শ্রীভূমি জেলার ঐতিহাসিক আছিমগঞ্জে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সার্ক সাহিত্য মহাসম্মেলন। গত ১২ নভেম্বর কানাই বাজার-আছিমগঞ্জে আয়োজিত এই মহাসম্মেলনে হংকং, নেপাল, বাংলাদেশ-সহ ভারতের বিভিন্ন প্রদেশ থেকে যোগ দেন প্রায় পাঁচ শতাধিক কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সংস্কৃতিকর্মী। তাঁদের উপস্থিতিতে গোটা এলাকা পরিণত হয় এক আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক মিলনক্ষেত্রে।
বৃহস্পতিবার সকাল ১০টায় অস্থায়ী মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। গুজরাটের বিশিষ্ট কবি কাবেরী সিনহা-সহ অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলন করেন। এরপর কলকাতার শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত ‘এই আগুনের পরশমণি’ পরিবেশিত হলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সর্বধর্মীয় প্রার্থনা। বাংলাদেশ থেকে আগত শিক্ষাবিদ স্বপন কুমার নাথ শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন। পাশাপাশি পবিত্র কোরআন ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার অনন্য বার্তা তুলে ধরা হয়।

বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি নীহাররঞ্জন দেবনাথ সম্মেলনের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কবি, গবেষক ও লেখক পুষ্পেন রায়। প্রধান আলোচক হংকংয়ের সাহিত্যিক ও গবেষক মো. মুর্শিদ উজ জামান সাহিত্যের গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষের চিন্তাশক্তি, মেধা ও মননের বিকাশে সাহিত্যচর্চার কোনও বিকল্প নেই। নেপালের কবি, গবেষক ও সাংবাদিক ইশতিয়াক আহমেদের উপস্থিতিও সম্মেলনে বিশেষ মাত্রা যোগ করে।

ঢাক-সানাইয়ের বাদ্যযন্ত্রের তালে কবিদের বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে সম্মেলনের আন্তর্জাতিক আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। দিনভর বাংলা-সহ বিভিন্ন ভাষায় কবিতা পাঠ, ছড়া, সাহিত্য আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন দেশ-বিদেশের প্রতিনিধিরা। প্রত্যেকে নিজ নিজ মাতৃভাষায় সাহিত্য পরিবেশন করে ভাষার বৈচিত্র্যের মধ্যেও মানবিক ঐক্যের বার্তা তুলে ধরেন।
সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল কাব্যসম্রাট ও কবি মহারাজ উপাধিপ্রাপ্ত নীহার রঞ্জন দেবনাথের সপ্তম কাব্যগ্রন্থ ‘এ কোন মহারাজ’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন। বিশিষ্ট অতিথি ও সাহিত্যিকদের উপস্থিতিতে গ্রন্থটির আবরণ উন্মোচন করা হয়। পাশাপাশি অতিথিদের অসমের ঐতিহ্যবাহী ঝাঁপি, উত্তরীয়, সরাই, ক্রেস্ট, শংসাপত্র ও স্বর্ণপদক দিয়ে সংবর্ধনা জানানো হয়।
দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার সমাজসেবী, সাংবাদিক ও কবি জয়ন্ত নাথ। প্রধান আলোচক ছিলেন কবি, গবেষক ও লেখক ড. সহদেব দোলুই। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দাস।

সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতার লিপিকা গুহ ঠাকুরতা ও দীপঙ্কর পোড়েল সঙ্গীত পরিবেশন করেন। আগরতলার বাউলশিল্পী রেখা দেবদাসের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। গুয়াহাটির রেনু দাস ও স্বপ্না কলিতা বিহু সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও শ্রীভূমি, গড়েরমুখ ও ধুবড়ির একাধিক শিল্পী তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
সাহিত্য, সংস্কৃতি ও মানবতার এই মহামিলন সকাল ১০টা থেকে রাত প্রায় ১টা পর্যন্ত চলে। আয়োজকদের মূল আহ্বান ছিল—সাহিত্যকে মানবতার সেতুবন্ধন হিসেবে প্রতিষ্ঠা করে হিংসা, বিদ্বেষ ও বিভেদমুক্ত শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা। সীমান্ত, ভাষা ও ধর্মের ঊর্ধ্বে মানুষের সবচেয়ে বড় পরিচয় যে মানবিকতা, আছিমগঞ্জের এই ঐতিহাসিক সম্মেলন যেন সেই বার্তাই নতুন করে প্রতিষ্ঠা করল।



