শিশু দিবসে রাজঘাট আদর্শ বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের পাশে বরাক গ্রিন মিশন, সংবর্ধিত শিক্ষক-শিক্ষিকারাও

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার মধ্য দিয়েই শিশু দিবসের প্রকৃত সার্থকতা। সেই ভাবনাকে সামনে রেখে শিশু দিবস উপলক্ষে এক মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল দক্ষিণ ধলাইয়ের অগ্রগণ্য সামাজিক সংগঠন ‘বরাক গ্রিন মিশন এনজিও’।

এ উপলক্ষে ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের অধীন রাজঘাট আদর্শ বিদ্যালয়ের কচিকাঁচা পড়ুয়াদের হাতে বিভিন্ন খাবার সামগ্রী তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। শিশুদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত ভাগ করে নেওয়ার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উত্তরীয় পরিয়ে আন্তরিকভাবে সংবর্ধিত করেন তাঁরা। সংগঠনের এই উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বরাক গ্রিন মিশন এনজিও-র সভাপতি আক্তার হোসেন লস্কর বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য পড়াশোনার পাশাপাশি ভালোবাসা, যত্ন ও সামাজিক সহযোগিতারও প্রয়োজন রয়েছে। শিশু দিবস কেবল আনুষ্ঠানিকভাবে উদ্‌যাপনের দিন নয়, বরং শিশুদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য স্মরণ করার দিন। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই বরাক গ্রিন মিশন আগামী দিনেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কর্মসূচি অব্যাহত রাখতে বদ্ধপরিকর।”

অন্যদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খানম বরাক গ্রিন মিশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, শিশু দিবস উপলক্ষে আমাদের বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের জন্য সংগঠনের পক্ষ থেকে যে ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সম্মানিত করার মধ্য দিয়ে তাঁরা শিক্ষাজগতের প্রতি যে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেছেন, তা আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে। এ ধরনের সামাজিক উদ্যোগ শিশুদের মধ্যে আনন্দের পাশাপাশি সমাজের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতেও সহায়ক হবে।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরাক গ্রিন মিশন এনজিও-র সভাপতি আক্তার হোসেন লস্কর, সম্পাদক সুদীপ বিশ্বাস, সদস্য আব্দুর রব বড়ভূইয়া, প্রীতেন্দু বর্মণ, স্কুলের প্রধান শিক্ষিকা নাজমা খানম সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা। শিশুদের প্রতি স্নেহ, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে বরাক গ্রিন মিশনের এই উদ্যোগ। সংগঠনের এমন মানবিক প্রয়াস আগামী দিনেও সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে বলে মনে করছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *