বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : কাজিরাঙার রঙাজানে ভয়াবহ দুর্ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পুরো বিষয় সরেজমিনে প্রত্যক্ষ করেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কাজিরাঙার রঙাজানের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি যাত্রীবাহী মিনিবাস, যা সাধারণত ‘ট্রাভেলার’ নামে পরিচিত, হঠাৎ দিক পরিবর্তন করে একটি কন্টেনার ট্রাকের সামনে চলে যায়। এই দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারের জন্য ৯ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।
এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। আহতদের যোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (জেএমসিএইচ) সহ অঞ্চলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, দুর্ঘটনার আগে রাস্তাটি সম্পূর্ণ ফাঁকা ছিল বলে দেখা যাচ্ছে। কিন্তু আচমকাই ট্রাভেলারটি দিক পরিবর্তন করে কন্টেনার ট্রাকের দিকে চলে যায়। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, অথবা তাঁর স্ট্রোক হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
মুখ্যমন্ত্রী আরও জানান, সিসিটিভি ফুটেজে একজন সাইকেল আরোহীকেও দেখা গিয়েছে। সংঘর্ষের ঠিক আগে কী ঘটেছিল, তা জানতে ওই ব্যক্তির বক্তব্য গুরুত্বপূর্ণ হতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব বলে জানিয়েছেন তিনি। চালকের ময়নাতদন্তের রিপোর্টও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। চালকের কোনও শারীরিক সমস্যা বা আচমকা চিকিৎসাজনিত বিপর্যয় ঘটেছিল কি না, তা ওই রিপোর্ট থেকে জানা যেতে পারে।
মুখ্যমন্ত্রী বলেন, দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক স্থানীয় বাসিন্দা ছিলেন। ফলে কাজিরাঙা এলাকায় যান চলাচলের বিধিনিষেধ সম্পর্কে তাঁর অবগত থাকার কথা। ওই সড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৪০ কিলোমিটার।

এদিকে, গাড়ির মালিকদের বিরুদ্ধে চালকদের বেশি সংখ্যক ট্রিপ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করার অভিযোগও তুলেছেন মুখ্যমন্ত্রী। বেশি আয়ের আশায় চালকদের ট্রাফিক আইন লঙ্ঘনে বাধ্য করা হচ্ছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। চালকের আচরণের পাশাপাশি গাড়িতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও তদন্তের আওতায় রয়েছে।
মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে মোট ৯ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এর মধ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে ২ লক্ষ টাকা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত ২ লক্ষ টাকা অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি জানান, মৃতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট পরিবারের হাতে দেহগুলি তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মৃতদেহ বাড়িতে পৌঁছে দিতে অ্যাম্বুল্যান্সও প্রস্তুত রাখা হয়েছে।
আহতদের উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি সহ অসমের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসকদের একটি বিশেষ দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। মুখ্যমন্ত্রীর পরিদর্শনকালে পরিবহণমন্ত্রী অজন্তা নেওগ সহ অন্যান্য মন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

আহতদের চিকিৎসার বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, জোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মোট ২০ জনকে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। বাকি রোগীদের মধ্যে ১০ জনের শারীরিক অবস্থা স্থিতিশীল। একজনকে ভেন্টিলেটরে রাখা হয়েছে এবং অন্যদের আইসিইউতে চিকিৎসা চলছে। নিহতদের মধ্যে একজন বিহারের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, গত দুই বছরে সরকারের পক্ষ থেকে যান চলাচল নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। ট্রাফিক আইন কঠোরভাবে কার্যকর করতে গেলে অনেক সময় জনসাধারণের বিরোধিতার মুখে পড়তে হয়। তবে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

তিনি জানান, ২০২২-২৩ সালে রাজ্যে যান চলাচল পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে ছিল। কিন্তু সাম্প্রতিক মাসগুলিতে পথ দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। এই পরিস্থিতিতে ট্রাফিক আইন আরও কঠোরভাবে কার্যকর করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
উল্লেখ্য, গোলাঘাট জেলার রঙাজানের কাছে ৭১৫ নম্বর জাতীয় সড়কে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। গোলাঘাট থেকে নগাঁও অভিমুখে যাওয়া একটি ট্রাভেলারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যুতে গোটা রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে।



