১৪ নভেম্বর : অসুস্থ সন্তানকে কলকাতায় চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিংয়ের তালদি এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিরিশের ওই গৃহবধূর বাড়ি জীবনতলা এলাকায়। অসুস্থ সন্তানকে নিয়ে কলকাতায় চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি। ফেরার পথে রাত হয়ে যাওয়ায় ক্যানিংয়ের তালদি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন। এরপর মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য পাশের একটি বাড়িতে যান ওই মহিলা। পরে মোবাইল ফোন আনতে গেলে তিন যুবক তাঁকে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ।

পাশাপাশি ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে সুদীপ হালদার, রাজুলি সিং ও শামীম মিস্ত্রী নামে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতার শারীরিক পরীক্ষাও করানো হয়েছে বলে জানা গিয়েছে।

যদিও এই পরিচয় ও অভিযোগের বিষয়ে পুলিশের তরফে আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ।



