১৪ নভেম্বর : ইরানের ওপর আরও বড় ধরনের সামরিক হামলা চালানো থেকে বিরত থাকতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছে সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশ। মিত্র দেশগুলোর এই অনুরোধের পর আপাতত ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প। তবে এরই মধ্যে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার ব্যবস্থায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
হোয়াইট হাউসে সাংবাদিক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, সৌদি আরব তাঁকে বর্তমান পরিস্থিতি বজায় রাখার অনুরোধ জানিয়েছে। সৌদি নেতৃত্বের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, আপাতত পরিস্থিতি যেভাবে রয়েছে, সেভাবেই রাখতে চায় রিয়াধ। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও একই অবস্থানের পক্ষে বলে জানান তিনি।

তবে উপসাগরীয় মিত্রদের এই অবস্থানের সঙ্গে তিনি পুরোপুরি একমত নন বলেও স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এসব দেশ অনুরোধ না জানালে ইরানে আরও সামরিক হামলা চালাতেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি হামলা চালাতেন। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র চাইলে মাত্র তিন দিনের মধ্যেই ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু এবং উৎপাদন সক্ষমতা ধ্বংস করে দিতে পারে। এমনকী এক দিনের মধ্যেই এসব গুরুত্বপূর্ণ স্থাপনার বড় অংশ গুঁড়িয়ে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি। যদিও এখন পর্যন্ত এ ধরনের বড় পরিসরের হামলা থেকে বিরত রয়েছে ওয়াশিংটন।

এদিকে, ইরান ইস্যুতে মার্কিন প্রশাসনের অবস্থানে নতুন মোড় দেখা দিয়েছে। ট্রাম্প জানিয়েছেন, ইরান সংক্রান্ত যাবতীয় আলোচনা থেকে উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সকে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে তেহরানের সঙ্গে নতুন করে কোনও সমঝোতা বা চুক্তির প্রয়োজন নেই বলেও ঘোষণা করেছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে সমঝোতার সময় অনেক আগেই পেরিয়ে গিয়েছে। তাঁর বক্তব্য, যুক্তরাষ্ট্রের হাতে ইরানের অর্থ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রয়েছে।

অন্যদিকে, ইরান সংক্রান্ত কূটনৈতিক আলোচনার পরিবর্তে জেডি ভ্যান্সকে দেশের অভ্যন্তরীণ সমস্যা মোকাবিলায় মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান ট্রাম্প। বিশেষ করে ডেমোক্র্যাট-শাসিত মিনেসোটা, ক্যালিফোর্নিয়া ও ইলিনয় অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে ব্যাপক দুর্নীতি ও অপরাধের অভিযোগ তুলে ধরেন তিনি। এসব এলাকায় বিপুল পরিমাণ অর্থ তছরুপ হচ্ছে বলেও অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।



