প্রায় দু’বছর ধরে অচল কাছাড় জেলা উপভোক্তা কমিশন, বিচারাধীন ২০০-রও বেশি মামলা

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : দুই সদস্যের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় প্রায় দু’বছর ধরে কার্যত অচল কাছাড় জেলা উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন। ২০২৫ সালের জানুয়ারি থেকে কমিশনে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় ২০০-রও বেশি মামলা নিষ্পত্তির অপেক্ষায়। এই অচলাবস্থা নিরসনে শূন্য পদে দ্রুত নিয়োগ এবং বিচারিক কার্যক্রম পুনরায় চালুর দাবিতে রাজ্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছেন শিলচরের আইনজীবী ধর্মানন্দ দেব।

তিনি রাজ্যের মুখ্যসচিব, খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের কমিশনার ও সচিব এবং অসম রাজ্য উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের সভাপতির কাছে পৃথক আবেদন পেশ করেছেন। পাশাপাশি, গৌহাটি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছেও আবেদন জানিয়ে বিষয়টি প্রধান বিচারপতির গোচরে আনার অনুরোধ করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, কাছাড় জেলা কমিশনে একজন সভাপতি এবং দুজন সদস্য, একজন পুরুষ ও একজন মহিলা সদস্য থাকার বিধান রয়েছে। কিন্তু মহিলা সদস্যের পদ ৩০ নভেম্বর ২০২৩ থেকে এবং পুরুষ সদস্যের পদ ১০ জানুয়ারি ২০২৫ থেকে শূন্য। ফলে প্রয়োজনীয় কোরাম না থাকায় ২০২৫ সালের জানুয়ারি থেকে কমিশনের নিয়মিত শুনানি কার্যত বন্ধ রয়েছে।

ধর্মানন্দ দেব Consumer Protection Act, 2019-এর ২৮(২) ও ৩৬(১) ধারার উল্লেখ করে জানিয়েছেন, জেলা কমিশনের গঠনে সভাপতি ও অন্তত দুজন সদস্য থাকা প্রয়োজন। আইনের ৩৬(১) ধারা অনুযায়ী, সভাপতি এবং অন্তত একজন সদস্যের উপস্থিতিতে কমিশনের কার্যধারা পরিচালিত হওয়ার কথা। তাই সদস্যপদ দুটি দীর্ঘদিন শূন্য থাকায় বিচারিক কার্যক্রম পরিচালনায় গুরুতর বাধা সৃষ্টি হয়েছে।

উপভোক্তাদের অভিযোগ, ত্রুটিপূর্ণ পণ্য, পরিষেবায় ঘাটতি, অন্যায্য বাণিজ্যিক কার্যকলাপ এবং আর্থিক ক্ষতিপূরণ সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির জন্য জেলা কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২১ সালের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী, ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিবেচ্য অর্থমূল্যের অভিযোগ জেলা কমিশনের আর্থিক এখতিয়ারভুক্ত।

কমিশনের অচলাবস্থার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ উপভোক্তা ও মামলাকারীদের উপর। দীর্ঘদিন শুনানি না হওয়ায় তাঁদের প্রতিকারের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। অন্যদিকে, আইনজীবীর ফি, যাতায়াত ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করেও তাঁরা কার্যকর বিচারিক প্রতিকার পাচ্ছেন না। দীর্ঘসূত্রতার ফলে সাক্ষ্যপ্রমাণ সংরক্ষণের ক্ষেত্রেও ভবিষ্যতে জটিলতা দেখা দিতে পারে বলে আবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

নিয়োগ সংক্রান্ত আইনি জটিলতার বিষয়টিও আবেদনে তুলে ধরেছেন ধর্মানন্দ দেব। ২১ মে ২০২৫ তারিখে Ganeshkumar Rajeshwarrao Selukar & Others v. Dr. Mahendra Bhaskar Limaye & Others মামলায় সুপ্রিম কোর্ট ২০২০ সালের Consumer Protection Rules-এর Rule 6(1) ও Rule 10(2)-এ নির্ধারিত চার বছরের কার্যকালের বিধান বাতিল করে কেন্দ্রীয় সরকারকে চার মাসের মধ্যে নতুন বিধিমালা প্রণয়ন ও বিজ্ঞাপনের নির্দেশ দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও নতুন বিধিমালা বিজ্ঞাপিত না হওয়ায় বিভিন্ন উপভোক্তা কমিশনে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে।

এ প্রসঙ্গে গৌহাটি হাইকোর্টের ৩১ জুলাই ২০২৬ তারিখের একটি অন্তর্বর্তী আদেশও উল্লেখ করা হয়েছে। Tutumoni Deva Goswami ও অন্যান্য বনাম State of Assam ও অন্যান্য, WP(C) No. 3662/2026 মামলায় বিচারপতি কৌশিক গোস্বামী অসম রাজ্য উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের নন-জুডিশিয়াল সদস্য নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং পরবর্তী বিজ্ঞপ্তির কার্যকারিতা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখেন।

ওই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর নতুন নিয়োগ বিধিমালা প্রণয়ন না হওয়ায় নিয়োগ প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। শুনানিতে রাজ্য সরকারও কেন্দ্রীয় সরকারের তরফে নতুন বিধিমালা প্রণয়ন না হওয়ার বিষয়টি আদালতকে জানায়।

তবে ধর্মানন্দ দেব তাঁর আবেদনে স্পষ্ট করেছেন, গৌহাটি হাইকোর্টের ওই অন্তর্বর্তী স্থগিতাদেশ অসম রাজ্য উপভোক্তা কমিশনের নন-জুডিশিয়াল সদস্য নিয়োগ সংক্রান্ত। কাছাড় জেলা উপভোক্তা কমিশনের শূন্য পদ পূরণের বিষয়ে আদালতের কোনও স্থগিতাদেশ নেই।

ধর্মানন্দ দেবের বক্তব্য, নিয়োগ সংক্রান্ত প্রশাসনিক জটিলতার বোঝা সাধারণ উপভোক্তাদের উপর চাপিয়ে দেওয়া যায় না। উপভোক্তাদের দ্রুত বিচার ও প্রতিকার নিশ্চিত করার উদ্দেশ্যে গঠিত একটি গুরুত্বপূর্ণ কমিশন দীর্ঘদিন অচল হয়ে থাকা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

তাঁর আবেদনে মহিলা ও পুরুষ সদস্যের শূন্য পদ দ্রুত পূরণ, প্রয়োজনীয় কোরাম গঠন করে নিয়মিত বিচারিক কার্যক্রম পুনরায় চালু এবং জমে থাকা ২০০-রও বেশি মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে সময়মতো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করারও আবেদন জানিয়েছেন তিনি।

এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন কাছাড়ের উপভোক্তা ও মামলাকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *