চাঁদের বুকে মহাকাশযান অবতরণে গুরুত্বপূর্ণ অবদান, ভারতীয় বিজ্ঞানীর নামে ক্ষুদ্র গ্রহ

Spread the news

১৩ নভেম্বর : ভারতীয় মহাকাশ গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি পেলেন ভারতীয় বংশোদ্ভূত বিশিষ্ট মহাকাশবিজ্ঞানী মারুথি আর আকেলা। তাঁর তৈরি মহাকাশযানের দিকনির্দেশনা ও নিয়ন্ত্রণসংক্রান্ত বিশেষ অ্যালগরিদম চাঁদের বুকে মহাকাশযান অবতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই অবদানের স্বীকৃতিস্বরূপ ৫৩৭৬ নম্বর ক্ষুদ্র গ্রহের নামকরণ করা হয়েছে ‘মারুথি আকেলা’ (Maruthiakella)।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের (আইআইএসসি) প্রাক্তনী মারুথি আকেলার গবেষণালব্ধ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল মার্কিন সংস্থা Intuitive Machines-এর IM-1 চন্দ্রাভিযানে। এই অভিযানের মাধ্যমে পাঁচ দশকেরও বেশি সময় পর চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করে কোনও মার্কিন মহাকাশযান।

১৯৯৪ সালে আইআইএসসির মহাকাশ প্রকৌশল বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন আকেলা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিনের ককরেল ফ্যামিলি চেয়ার পদে ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত রয়েছেন।

উল্লেখ্য, ২০২৬ সালের আইআইএসসি ডিস্টিংগুইশড অ্যালামনাস অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত মোট পাঁচজন বিশিষ্ট প্রাক্তনীর মধ্যে রয়েছেন মারুথি আকেলা। আগামী ১৯ ডিসেম্বর বেঙ্গালুরুর আইআইএসসি ক্যাম্পাসে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তাঁদের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে।

একজন ভারতীয় বিজ্ঞানীর গবেষণা যে কীভাবে আন্তর্জাতিক মহাকাশ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, মারুথি আকেলার কৃতিত্ব তারই উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর অবদানের স্বীকৃতি এবার মহাকাশের এক ক্ষুদ্র গ্রহের নামেও চিরস্মরণীয় হয়ে রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *