বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : রাজ্যস্তরের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা। উৎসবমুখর পরিবেশ ও ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ৬১তম সিনিয়র আন্তঃজেলা ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-২৭। বৃহস্পতিবার এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস, আলগাপুর-কাটলিছড়ার বিধায়ক জুবের আনাম মজুমদার, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং অসম ভলিবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। অতিথিরা প্রতিযোগিতার সাফল্য কামনা করার পাশাপাশি রাজ্যে ভলিবল খেলার প্রসার এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের প্রতিভা বিকাশে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

আগামী ১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এই চ্যাম্পিয়নশিপ। পুরুষ ও মহিলা—উভয় বিভাগে অসমের বিভিন্ন জেলা থেকে মোট ৪০টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ইতিমধ্যেই এই প্রতিযোগিতাকে ঘিরে জেলার ক্রীড়ামহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জুবের আনাম মজুমদার যুবসমাজের প্রতিভা বিকাশে খেলাধুলার গুরুত্ব এবং জেলার ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। অন্যদিকে, অসম ভলিবল অ্যাসোসিয়েশনের সিলেক্টর শেখর সৌরভ তালুকদার রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে তাঁদের আগামী দিনে আরও বড় মঞ্চে তুলে ধরার ক্ষেত্রে এই ধরনের প্রতিযোগিতার ভূমিকার কথা উল্লেখ করেন।

উল্লেখ্য, দীর্ঘদিন পর হাইলাকান্দিতে রাজ্যস্তরের এত বড় ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় জেলার ক্রীড়াঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। আগামী তিন দিন ধরে পুরুষ ও মহিলা বিভাগের দলগুলির মধ্যে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা হবে। শেষ পর্যন্ত কোন দল চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রীড়াপ্রেমীরা।



