বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : প্রকৃতির খামখেয়ালি রূপের সাক্ষী থাকল ডিমা হাসাও জেলার একমাত্র পাহাড়ি শহর হাফলং। বুধবার সকালে প্রবল বর্ষণের সঙ্গে শুরু হওয়া তীব্র শিলাবৃষ্টিতে মুহূর্তের মধ্যেই বরফের চাদরে ঢেকে যায় গোটা শহর। রাস্তাঘাট, বাড়িঘরের ছাদ থেকে শুরু করে খোলা প্রান্তর—সব জায়গাতেই জমে যায় শিলার পুরু স্তর। ফলে চেনা সবুজ পাহাড়ি হাফলং এক লহমায় রূপ নেয় বরফাবৃত শীতপ্রধান পার্বত্য অঞ্চলে।
‘ডিমা হাসাওয়ের রানি’ হিসেবে পরিচিত পর্যটননগরী হাফলং এমনিতেই তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র। কিন্তু বুধবারের এই অভূতপূর্ব শিলাবৃষ্টি শহরটির সৌন্দর্যে যোগ করে এক নতুন মাত্রা। বরফের আস্তরণে ঢেকে যাওয়া হাফলংয়ের দৃশ্য দেখে অনেকেই হিমালয়ের কোলে অবস্থিত লাদাখের বরফাবৃত অঞ্চলের সঙ্গে তুলনা করেন।

স্থানীয়দের কাছে এমন দৃশ্য অত্যন্ত বিরল। শিলাবৃষ্টি থামার পর রাস্তায় জমে থাকা শিলাখণ্ড নিয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা। বরফ হাতে নিয়ে খেলায় মেতে ওঠে খুদেরা। পাশাপাশি প্রকৃতির এই অপূর্ব রূপ ক্যামেরাবন্দি করতে রাস্তায় নেমে আসেন বহু বাসিন্দা। পাহাড়ি শহরের বুকে এমন বরফের আস্তরণ ছোট-বড় সকলের কাছেই এনে দেয় এক অন্যরকম অভিজ্ঞতা।

তবে প্রবল শিলাবৃষ্টির পরও স্বস্তির খবর, এখনও পর্যন্ত কোনও প্রাণহানি কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতির ওপর নজর রাখছে স্থানীয় জেলা প্রশাসন। প্রকৃতির আকস্মিক এই রূপবদলের পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে হাফলংয়ের জনজীবন।



