১১ নভেম্বর : উত্তরপ্রদেশের মির্জাপুর-ঝিংগুরা সেকশনে আচমকা এক মাটি ধসের ঘটনায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে দূরপাল্লার ট্রেন চলাচল। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ যখন ওই লাইনে নির্মাণকার্য চলছিল, ঠিক সেই সময়ে ঘটে এই বিপত্তি। ধসের তীব্রতায় থমকে যায় পুরো ট্র্যাক। সুরক্ষা নিশ্চিত করতে কর্তৃপক্ষ তৎক্ষণাৎ ডাউন লাইনে ট্রেন চলাচল স্থগিত করে দেন। তবে আপ লাইনে যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। এ ঘটনায় সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে শিয়ালদা, রাজধানীর (Rajdhani Express) মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন আটকে পড়ায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে হাজার হাজার দূরপাল্লার যাত্রীদের।

পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছান রেলের শীর্ষ আধিকারিক ও প্রকৌশলীদের একটি প্রতিনিধি দল। শেষ পাওয়া খবর অনুযায়ী, লাইন মেরামতি ও পরিস্থিতি স্বাভাবিক করার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চালানো হচ্ছে এবং পুরো প্রক্রিয়াটির ওপর সতর্ক নজর রাখছে উত্তর-মধ্য রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণে প্রায় ডজনখানেক ট্রেন মাঝপথে আটকে পড়ার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রা বাতিল করতে হয়েছে বলে জানা গিয়েছে।

যাত্রীদের গন্তব্যে পৌঁছনোর সুবিধার্থে বেশ কিছু ট্রেনের পথ ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নির্ধারিত রুট বদলে ১২২৭৪, ১২৩৯৮, ১২৩৬৮ ও ১২৯৪৭ নম্বর ট্রেনগুলিকে প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ, বারাণসী জংশন এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন (মুঘলসরাই) হয়ে পরিচালনা করা হচ্ছে। অন্যদিকে, ২৬৫০৫ ও ১২১৬৭ নম্বর ট্রেন দুটিকে প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ ও বারাণসী হয়ে পাঠানো হচ্ছে। এছাড়া আরও কয়েকটি দূরপাল্লার ট্রেনের রুটেও একই ধরনের জরুরি পরিবর্তন আনা হয়েছে।



