বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : শিলচরের মেহেরপুরে অবস্থিত কেন্দ্রীয় নিঃস্ব আবাস (Central Destitute Home) পরিদর্শন করলেন অসম সরকারের অতিরিক্ত মুখ্য সচিব মুকেশ চন্দ্র সাহু। মঙ্গলবার তিনি আবাসটি সরেজমিনে পরিদর্শন করে এর সার্বিক পরিস্থিতি, পরিকাঠামো ও পরিষেবার মান খতিয়ে দেখেন।
এই পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা কমিশনার রাহুল কুমার গুপ্তা, অতিরিক্ত জেলা কমিশনার মারিয়া তানিম, শিলচর সদর সার্কল অফিসার অর্ণবকুমার বরুয়া, সহকারী কমিশনার অনিন্দিতা দাস, কাছাড়ের জেলা সমাজকল্যাণ আধিকারিক শোভনা দেবী-সহ সংশ্লিষ্ট দফতরের অন্যান্য আধিকারিকরা।

উল্লেখ্য, ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এই কেন্দ্রীয় নিঃস্ব আবাস অসমের প্রাচীনতম সরকারি নিঃস্ব আবাসগুলির অন্যতম। দেশভাগের পর উদ্বাস্তু নারী ও শিশুদের পুনর্বাসনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভূমিকা রয়েছে। পরিদর্শনকালে আধিকারিকদের পক্ষ থেকে আবাসটির প্রতিষ্ঠার ইতিহাস, জমির বিবরণ, পরিকাঠামো এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে অতিরিক্ত মুখ্য সচিবকে বিস্তারিতভাবে অবহিত করা হয়।
এদিন আবাসে বসবাসকারীদের জন্য রেশন সামগ্রী, পোশাক, বিছানাপত্র, বাসনপত্র-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি প্রতিষ্ঠানের কর্মীসংখ্যা ও কর্মীদের অবস্থান সম্পর্কেও বিস্তারিত পর্যালোচনা করেন।

কেন্দ্রীয় নিঃস্ব আবাস পরিদর্শনের পর অতিরিক্ত মুখ্য সচিব কাছাড় জেলা সমাজকল্যাণ আধিকারিকের কার্যালয়ও পরিদর্শন করেন। সেখানে দফতরের বিভিন্ন শাখার কাজকর্ম ও প্রশাসনিক ব্যবস্থাপনা খতিয়ে দেখে সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন তিনি।



