বিভিন্ন দাবিতে শিলচরে সিটু অন্তর্ভুক্ত নির্মাণ শ্রমিকদের তীব্র বিক্ষোভ

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : শ্রমিকবিরোধী শ্রম কোড বাতিল, ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং নির্মাণ শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে শিলচরে তীব্র বিক্ষোভ প্রদর্শন করলেন সিটু অন্তর্ভুক্ত নির্মাণ শ্রমিকরা।

মঙ্গলবার জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক নির্মাণ শ্রমিক শিলচরের ইটখোলাস্থিত শ্রম দপ্তরের সামনে সমবেত হয়ে বিক্ষোভে শামিল হন। সারা অসম নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এবং সিটুর আহ্বানে রাজ্যের বিভিন্ন প্রান্তে একই দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে শ্রমিকবিরোধী শ্রম কোড বাতিল, নির্মাণ শ্রমিকদের অনলাইন রেজিস্ট্রেশনের জটিলতা দূরীকরণ, ন্যূনতম মজুরি বৃদ্ধি, পেনশনের পরিমাণ বাড়ানো ও সময়মতো পেনশন প্রদান এবং শ্রমিকদের সমস্ত বকেয়া প্রাপ্য অবিলম্বে মিটিয়ে দেওয়া।

বিক্ষোভ চলাকালীন কাছাড়ের সহকারী শ্রম আয়ুক্ত দপ্তরের বাইরে এসে আন্দোলনকারীদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন। পাশাপাশি দাবিগুলি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি।

এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুরজিৎ ঘোষ, বিমল দাস, সিটুর কাছাড় জেলা সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য এবং কৃষক সভার সম্পাদক সুভাষ দেব-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে, আগামী ১, ২ ও ৩ ডিসেম্বর দিল্লিতে সিটুর আহ্বানে আয়োজিত লক্ষাধিক শ্রমিকের সমাবেশে কাছাড় জেলা থেকেও শতাধিক শ্রমিক যোগ দেবেন বলে জানানো হয়। সেই কর্মসূচির প্রস্তুতি হিসেবে আগামী ২১ নভেম্বর শিলচরে শ্রমিক সমাবেশ ও মিছিলের ডাক দেওয়া হয়েছে বলেও বিক্ষোভ সমাবেশ থেকে ঘোষণা করা হয়।

শ্রমিকদের ন্যায্য অধিকার ও বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আগামী দিনেও আন্দোলন জোরদার করার বার্তা দেন সংগঠনের নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *