বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : মাত্র তিন হাজার টাকার বিনিময়ে নিজের নবজাতক সন্তানকে বিক্রি করে দেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে অসমের নগাঁওয়ে। লোকলজ্জার ভয়ে এক অবিবাহিত যুবতী এই কাজ করেছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দিব্যাংশ কুমার নামে এক যুবকের সঙ্গে ওই যুবতীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। পরবর্তীতে যুবতী অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পেরে দিব্যাংশ কুমার পালিয়ে যায় বলে অভিযোগ।

এদিকে, সন্তান প্রসবের পর লোকলজ্জার ভয়ে নগাঁওয়ের কাওয়ৈমারির একটি পরিবারের কাছে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে নবজাতকটিকে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে ওই যুবতীর বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবতী ও তাঁর পরিবারের সদস্যদের রূপহীহাট থানার পুলিশের হাতে তুলে দেন।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, নবজাতক বিক্রির এই ঘটনার সঙ্গে নগাঁও মেডিক্যাল কলেজের এক নার্স প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন বলেও গুরুতর অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, নবজাতক বিক্রির অভিযোগের ঘটনায় পরবর্তীতে নতুন মোড় দেখা দিয়েছে। কাওয়ৈমারির সংশ্লিষ্ট মহিলা সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, তিনি নবজাতকটিকে কেনেননি, বরং লালন-পালনের উদ্দেশ্যেই নিজের কাছে নিয়ে গিয়েছিলেন। নিজের দাবির স্বপক্ষে শেষ পর্যন্ত নবজাতকটিকে সঙ্গে নিয়ে রূপহীহাট থানায় হাজির হন ওই মহিলা।
এই ঘটনার নেপথ্যে প্রকৃত রহস্য কী এবং এর সঙ্গে কারা কারা জড়িত, তা পুলিশি তদন্তের পরই স্পষ্ট হবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



