
৮ নভেম্বর : লখনউগামী একটি ইন্ডিগো (IndiGo) বিমানে হাইজ্যাকের আতঙ্ক ছড়িয়ে পড়ায় মাঝপথ থেকেই বিমানটি ফের বেঙ্গালুরুতে ফিরিয়ে নিয়ে আসা হয়। বিমানের শৌচালয়ে পাওয়া একটি উড়ো চিঠির জেরে এই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। বিমানে ১৭৮ জন যাত্রী ছিলেন।

বেঙ্গালুরুর কেমপেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর (Kempegowda International Airport) থেকে শনিবার বিকেল ৫টা ৫০ মিনিটে ইন্ডিগোর ৬ই৪৫১ (6E 451) বিমানটি লখনউয়ের উদ্দেশে রওনা দেয়। ওড়ার কিছুক্ষণ পর বিমানের শৌচালয়ে একটি চিরকুট পড়ে থাকতে দেখেন এক যাত্রী। সেখানে লেখা ছিল, সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানটি হাইজ্যাক করা হবে এবং বিষয়টি উপেক্ষা করলে পরিণতি খারাপ হবে। যাত্রী বিষয়টি তৎক্ষণাৎ বিমানকর্মীদের নজরে আনেন। এরপরই পাইলট দ্রুত এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (Air Traffic Control) সঙ্গে যোগাযোগ করে ঝুঁকি না নিয়ে বিমানটিকে বেঙ্গালুরুতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।

বিমানটি নিরাপদে অবতরণের পর বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয়। সমস্ত যাত্রীদের নামিয়ে বিমানটিতে বিস্তারিত তল্লাশি চালানো হয় এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, কোনো যাত্রীই ওই হুমকি চিরকুটটি রেখেছিলেন। নিরাপত্তার সব নিয়ম অনুসরণের পর রাতে বিমানটিকে ফের লখনউয়ের উদ্দেশে রওনা হওয়ার অনুমতি দেওয়া হয়।

বিমানসংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্দিষ্ট কার্যপদ্ধতি মেনেই পাইলট বিমানটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে তাদের প্রয়োজনীয় খাবার ও পানীয়ের ব্যবস্থা করার কথাও জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ।



