৭ নভেম্বর : রেকর্ড গড়ল ভারতীয় বায়ুসেনার বিমান IL-76MD। সমুদ্রতল থেকে ১৩,৬২৯ ফুট উচ্চতায় লাদাখে অবতরণ করে নজির গড়ল বায়ুসেনার এই হেভি লিফট বিমান। লাদাখের ওই বিমানঘাঁটি অত্যন্ত দুর্গম। সেখানে এই বিমানের সফল অবতরণ গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই দেখা হচ্ছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৭ নভেম্বর ভারতের বায়ুসেনার IL-76MD হেভি-লিফট বিমান লাদাখের নিউমা (Nyoma) বিমানঘাঁটিতে সফল ভাবে অবতরণ করেছে। ওই বিমানঘাঁটির উচ্চতা সমুদ্রতল থেকে ১৩,৬২৯ ফুট। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, IL-76MD বিমানের ক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যে এটিই সর্বোচ্চ উচ্চতায় ল্যান্ডিংয়ের নজির।

নিউমা বিমানঘাঁটি পূর্ব লাদাখে রয়েছে। ওই এলাকাটি প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রয়েছে। ঢিল ছোড়া দূরত্বে চিন সীমান্ত থাকায় এই বিমানঘাঁটির গুরুত্বপূর্ণ অত্যন্ত বেশি। ওই এলাকায় এই ধরনের রসদ, অস্ত্র ও সেনা পরিবহণে ব্যবহৃত বিমানের সফল ল্যান্ডিং হওয়ায় তা ভারতের প্রতিরক্ষার জন্য স্বস্তির খবর।

রাশিয়ার প্রযুক্তিতে তৈরি IL-76MD বিমান। চার ইঞ্জিনের মালবাহী বিমান। সেনা, রসদ, সামরিক সরঞ্জাম এবং সামরিক পণ্য সরবরাহের জন্য এই বিমান ব্যবহার করা হয়। একাধিক প্রতিবেদন অনুযায়ী, অত্যন্ত উঁচু এলাকায় বাতাসের ঘনত্ব কম থাকে, ওই পরিস্থিতিতে বিমানের ইঞ্জিনের কার্যক্ষমতা প্রভাবিত হয়। সেই অবস্থায় অবতরণ অত্যন্ত চ্যালেঞ্জিং, সেখানেই সফল হয়েছে ভারতীয় বায়ুসেনা।



