বরাক তরঙ্গ, ৭ নভেম্বর : স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা, বিশিষ্ট বাগ্মী, লেখক, সাংবাদিক ও সমাজ সংস্কারক বিপিন চন্দ্র পালের ১৬৯তম জন্মবার্ষিকী শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালন করল শিলচর। শুক্রবার এ উপলক্ষে শিলচর পুরনিগম কার্যালয়ের বিপরীতে অবস্থিত তাঁর আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।
‘প্রতিমূর্তি সংরক্ষণ ও স্মৃতি রক্ষা কমিটি’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় বিপিন চন্দ্র পালের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন কমিটির কার্যনির্বাহী সভাপতি তথা শিলচরের প্রাক্তন পুরপ্রধান শান্তনু দাস। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শিলচর পুরনিগমের নবনির্বাচিত মেয়র অমরেন্দ্র পাল।

অনুষ্ঠানে বিপিন চন্দ্র পালের জীবনাদর্শ, স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান এবং সমাজ সংস্কারে তাঁর ভূমিকার কথা তুলে ধরে বক্তব্য রাখেন মেয়র অমরেন্দ্র পাল, স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক প্রবীর রায়চৌধুরী, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের জেলা সভাপতি সঞ্জীব দেব লস্কর, সংগঠনের প্রাক্তন সভাপতি তথা সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, বরাক বঙ্গের কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক পরিতোষ দত্ত, প্রাক্তন সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, ইয়াসির সভাপতি সঞ্জীব রায় এবং প্রাক্তন পুর সদস্য সাধন পুরকায়স্থ প্রমুখ।

নিজের বক্তব্যে মেয়র অমরেন্দ্র পাল বিপিন চন্দ্র পালের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরে তাঁর স্মৃতিকে আরও ব্যাপকভাবে সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন। এই মহান স্বাধীনতা সংগ্রামীর প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতে ভবিষ্যতে কী কী উদ্যোগ গ্রহণ করা যেতে পারে, তা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য শীঘ্রই সংশ্লিষ্ট সকলকে নিয়ে বৈঠক করার আশ্বাস দেন তিনি।
অন্যদিকে, তৈমুর রাজা চৌধুরী বিপিন চন্দ্র পালের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ বা স্যুভেনিরটি পুনরায় সম্পাদনা করে নতুনভাবে প্রকাশের প্রস্তাব রাখেন।

অনুষ্ঠানে স্মৃতি রক্ষা কমিটির পক্ষে পীযূষ চক্রবর্তী ধন্যবাদ জ্ঞাপন করেন। মনোজ দেব অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শুরুতে শান্তি ভট্টাচার্য ও সুপর্ণা ভট্টাচার্য সংগীত পরিবেশন করেন। তবলায় সহযোগিতা করেন ভাস্কর দাস।
বিপিন চন্দ্র পালের জন্মবার্ষিকী পালনের মধ্য দিয়ে তাঁর দেশপ্রেম, আত্মত্যাগ ও সমাজচিন্তার আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়।



