বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : ট্রেনে করে অসম থেকে পশ্চিমবঙ্গে নকল সোনার সামগ্রী পাচারের অভিযোগে বুধবার হারমুতি রেলওয়ে জংশনে এক মহিলাকে গ্রেফতার করেছে লখিমপুর পুলিশ। ধৃত মহিলার নাম জয়নাস পারভিন। তিনি লালুকের দৌলতপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিউ জলপাইগুড়িগামী ট্রেনে ওঠার প্রস্তুতি নেওয়ার সময় রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে ওই মহিলাকে আটক করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে হারমুতি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম চেতিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে কলসির আকৃতির চারটি ছোট সামগ্রী উদ্ধার করা হয়। পরীক্ষা করে সেগুলি নকল সোনার তৈরি বলে জানা যায়।

অভিযোগ, বিক্রির উদ্দেশ্যে ওই সামগ্রীগুলি অসমের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। এই ঘটনায় লখিমপুর জেলার বঙলমরা এলাকায় সক্রিয় নকল সোনার কারবারিদের পাচার কৌশল নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

উল্লেখ্য, আগে এই কারবারিরা নৌকার আকৃতি ও ক্রুশের মতো দেখতে বিভিন্ন সামগ্রীর মাধ্যমে নকল সোনা রাজ্যের বাইরে বাজারে পাঠাত বলে অভিযোগ রয়েছে। গত কয়েক মাসে এই ধরনের কারবার কিছুটা কমেছে বলে মনে হলেও লালুক ও বিহপুরিয়া থানার অধীন বিভিন্ন এলাকায় নকল সোনার ব্যবসার নেটওয়ার্ক এখনও সক্রিয় রয়েছে বলে এই গ্রেফতারের ঘটনায় ইঙ্গিত মিলেছে।



