বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : লখিমপুর জেলার বিহপুরীয়া রাজস্ব চক্রের অন্তর্গত রঙানদীর তীরবর্তী কেহুতলি ধর্মপুর এলাকায় শুক্রবার বৃহৎ উচ্ছেদ অভিযান চালাল স্থানীয় প্রশাসন। সরকারি জমি দখল করে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাওয়া দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিহপুরীয়া রাজস্ব চক্রের রঙানদীর তীরবর্তী কেহুতলি ধর্মপুর এলাকায় দীর্ঘদিন ধরে একাংশ লোক সরকারি জমি দখল করে একাধিক বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার সতর্কবার্তা ও নোটিশ দেওয়া হলেও দখলদাররা জমি খালি করেননি। অবশেষে শুক্রবার পুলিশ ও আধাসামরিক বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে এক্সকাভেটর নিয়ে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন।

জেলা প্রশাসন ও রাজস্ব চক্রের উদ্যোগে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে নির্মিত মোট ৩২টি ব্যবসায়িক প্রতিষ্ঠান এক্সকাভেটর দিয়ে সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি কিংবা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে জন্য এলাকায় বিপুলসংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পাশাপাশি উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও।

জানা গেছে, বিহপুরীয়া রাজস্ব চক্রের অধীন সরকারি সংরক্ষিত জমি এবং নদীর তীরবর্তী এলাকা দখলমুক্ত করার লক্ষ্যেই প্রশাসনের এই পদক্ষেপ। প্রশাসনের এই বড়সড় অভিযানে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সরকারি জমি দখল করে রাখা অন্যান্য দখলদারদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি জমিতে কোনও ধরনের অবৈধ দখল বরদাস্ত করা হবে না। আগামী দিনেও এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।



