শ্রীভূমির ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বৃহত্তর পাথারকান্দি নাগরিক সমাজ

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : শ্রীভূমিতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে গত ২৩ অক্টোবর সংঘটিত অনভিপ্রেত ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে এবার সরব হলো বৃহত্তর পাথারকান্দি নাগরিক সমাজ। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন, নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধ এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশে ছয় দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি পেশ করেছেন সংগঠনের প্রতিনিধিরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত ২৩ অক্টোবরের ঘটনাটি শ্রীভূমি জেলার শান্তিপ্রিয় সাধারণ মানুষের মনে গভীর উদ্বেগ ও বেদনার সৃষ্টি করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে নানা প্রশ্নের উদ্ভব হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু স্বার্থান্বেষী মহল বিভ্রান্তিকর তথ্য, অসত্য প্রচার ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলার চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়েছে।

এই প্রেক্ষাপটে ঘটনার প্রকৃত চিত্র জনসমক্ষে তুলে ধরতে একটি স্বাধীন, নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে কোনও নির্দোষ ব্যক্তি যাতে অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রস্তুত করা স্মারকলিপিটি পেশ করতে নাগরিক সমাজের প্রতিনিধিরা সিডিসির দফতরে উপস্থিত হন। তবে সংশ্লিষ্ট সিডিসি অনুপস্থিত থাকায় তাঁর সহকারী বিশাল দাশের হাতে স্মারকলিপিটি তুলে দেওয়া হয়। এ সময় দাবিগুলি ও ঘটনার প্রেক্ষাপটও তাঁকে বিস্তারিতভাবে জানানো হয়। স্মারকলিপির একটি অনুলিপি অসমের পুলিশ মহাপরিচালকের কাছেও পাঠানো হয়েছে।

নাগরিক সমাজের বক্তব্য, এই উদ্যোগ কোনও ব্যক্তি বা সম্প্রদায়ের স্বার্থে নয়। বরং নিরপেক্ষ তদন্ত, ন্যায়বিচার এবং নাগরিক অধিকার ও মর্যাদা রক্ষার লক্ষ্যেই এই পদক্ষেপ। তাঁদের আবেদন, বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বরাক উপত্যকাসহ সমগ্র অসমের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ঐক্য যেন কোনওভাবেই বিঘ্নিত না হয়। প্রকৃত দোষীরা আইনের আওতায় আসুক এবং নির্দোষরা ন্যায়বিচার পাক—এটাই তাঁদের মূল দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *