আইএফএলে ম্যাচ পরিচালনার ডাক পেলেন শিলচরের জাতীয় রেফারি আব্দুল মাজিদ

Spread the news

বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : ভারতীয় ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা ইন্ডিয়ান ফুটবল লিগের (আইএফএল) ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন শিলচরের জাতীয় স্তরের রেফারি আব্দুল মাজিদ। পুরনো আই-লিগ গত মরশুম থেকে নতুন নামে আইএফএল হিসেবে পরিচিতি পেয়েছে। এই প্রতিযোগিতায় দায়িত্ব পালনের ডাক পেয়ে শিলচরের ফুটবল মহলে নতুন করে আশার সঞ্চার করেছেন মাজিদ।

আগামী ১৩ নভেম্বর শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শিলং লাজং এফসি ও শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাবের মধ্যকার ম্যাচে ফোর্থ অফিশিয়ালের দায়িত্ব পালন করবেন তিনি। এরপর ২০ নভেম্বর কলকাতার নৈহাটিতে মহামেডান স্পোর্টিং ক্লাব ও গোকুলম কেরালার ম্যাচে মূল রেফারি হিসেবে মাঠে থাকবেন মাজিদ।

উল্লেখ্য, আইএফএলে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া শিলচরের প্রথম রেফারি হিসেবে নজির গড়তে চলেছেন আব্দুল মাজিদ। এর আগে অবশ্য পুরনো আই-লিগে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে শিলচরের প্রাক্তন ফিফা রেফারি মৃণালকান্তি রায়ের।

বর্তমানে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) অধীনে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত ম্যাচ পরিচালনা করছেন মাজিদ। এবার আইএফএলে দায়িত্ব পাওয়ায় তাঁর রেফারিং জীবনে নতুন দিগন্ত উন্মোচিত হল। এই সাফল্য আগামী দিনে ইন্ডিয়ান সুপার লিগেও (আইএসএল) দায়িত্ব পালনের সম্ভাবনা আরও উজ্জ্বল করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *