বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : রঙিয়ার বরদোঙা বটাকুছিতে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে হত্যার পর স্বামীরও মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত মহিলা মাবিয়ারা বেগম (৪০)। তাঁর স্বামীর নাম ইমদাদ আলি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ইমদাদ আলি ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় আঘাত করে তাঁকে হত্যা করেন। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। বুধবার সকালে ঘর থেকে মাবিয়ারা বেগমের মৃতদেহ উদ্ধার হওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্যদিকে, রঙিয়ার কলমণির মাঠে একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় স্বামী ইমদাদ আলির মৃতদেহ। মৃতদেহের কাছ থেকে স্ত্রীকে আক্রমণে ব্যবহৃত দা-টিও উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে স্ত্রীর হত্যার পর ইমদাদ আলি আত্মহত্যা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। পারিবারিক বিবাদের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারে বলে অনুমান স্থানীয়দের। তাঁদের দাবি, দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত।

চার ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন ইমদাদ আলি ও মাবিয়ারা বেগম। বাবা-মায়ের এমন মর্মান্তিক পরিণতিতে পরিবারটির উপর নেমে এসেছে গভীর সংকট।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এই হত্যাকাণ্ড এবং স্বামীর মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।



