৩ নভেম্বর : ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপের পর দক্ষিণাঞ্চলীয় বন্দর লেঙ্গেহতে মঙ্গলবার ভোরে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এসব স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বিস্ফোরণের কারণ, হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে ইরানের সংবাদমাধ্যমগুলো কেশম দ্বীপ ও বন্দর লেঙ্গেহতে বিস্ফোরণের খবর প্রকাশ করে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এ প্রতিবেদন প্রকাশের কথা জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। সংবাদপড়ুন

এমন এক সময়ে হামলার খবর সামনে এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের সম্ভাবনাকে খাটো করে দেখানোর চেষ্টা করছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
স্থানীয় সময় সোমবার (২ নভেম্বর) সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। আমরা জিতেছি।’ তিনি আরও বলেন, ‘এটাকে আদৌ যুদ্ধ বলা যায় কি না, তা আমি জানি না। কারণ, কয়েক মাস ধরে আমরা কোনো লড়াই করছি না।’

তবে দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছোট পরিসরে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। কয়েকজন কর্মকর্তা এসব অভিযানকে প্রতিরক্ষামূলক হিসেবে বর্ণনা করেছেন।



