চিনি বোঝাই লরির আড়ালে মাদক পাচারের চেষ্টা, চালক ও সহচালক আটক বালাছড়ায়

Spread the news

বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : বড়খলার বালাছড়া টোলগেটকে মাদক পাচারের করিডর হিসেবে ব্যবহার করার পরিকল্পনা ভেস্তে দিল বড়খলা পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে সোমবার বালাছড়া টোলগেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় লরির চালক ও সহচালককে আটক করা হয়েছে।

জানা গেছে, বড়খলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরির নেতৃত্বে পুলিশের একটি দল বালাছড়া টোলগেটে তল্লাশি অভিযান চালায়। সেই সময় এমপি ৩৩ এইচ ২০৮৩ নম্বরের একটি চিনিবোঝাই লরিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কফ সিরাপের সন্ধান পান পুলিশকর্মীরা। লরিটি থেকে মোট ৪৭০ কার্টনে থাকা ৪৭ হাজার বোতল কফ সিরাপ উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের কানপুর থেকে কফ সিরাপ বোঝাই করে লরিটি ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হয়েছিল। চিনি বোঝাই পণ্যের আড়ালে কফ সিরাপ পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বড়খলার বালাছড়া টোলগেটে পুলিশের তল্লাশিতে সেই পরিকল্পনা সফল হয়নি।

বর্তমানে আটক লরির চালক ও সহচালক বড়খলা পুলিশের হেফাজতে রয়েছেন। উদ্ধার হওয়া কফ সিরাপের উৎস, পাচারচক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং এই ঘটনার সঙ্গে অন্য কারও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

এ দিনের অভিযানে সেকেন্ড অফিসার মনিরাম কলিতা, সাব-ইন্সপেক্টর সৌরভ বরদলৈ, সাব-ইন্সপেক্টর কমলেন্দু দেব-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *