বিদ্যালয় পরিচালনার দায়িত্ব অন্য কোনও কর্তৃপক্ষের হাতে হস্তান্তরের প্রস্তাবের বিরোধিতা প্রাক্তনী সমিতির, জরুরি কোর কমিটির সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

Spread the news

বরাক তরঙ্গ, ১ নভেম্বর : শিলচর কলেজিয়েট হায়ার সেকেন্ডারি স্কুলের বিদ্যালয় প্রাঙ্গণে রবিবার শিলচর কলেজিয়েট স্কুল প্রাক্তনী সমিতির উদ্যোগে এক জরুরি কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ডাঃ রাজীব গুপ্ত। উপস্থিত ছিলেন সহ-সভাপতি সঞ্জীব রায়, সম্পাদক তপন দাস, যুগ্ম সম্পাদক প্রিয়ম চৌধুরী এবং কোষাধ্যক্ষ বিশ্বজিৎ পাল-সহ অন্যান্য সদস্যরা।

সভায় বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, পরিচালন ব্যবস্থা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, কোনও অবস্থাতেই বিদ্যালয় পরিচালনার দায়িত্ব অন্য কোনও কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করতে দেওয়া হবে না। এই প্রস্তাবের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার সিদ্ধান্তও গ্রহণ করে প্রাক্তনী সমিতি।

পাশাপাশি বিদ্যালয়ের বর্তমান সুষ্ঠু পরিচালনা এবং সাম্প্রতিক শিক্ষাগত ফলাফলের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন কমিটির সদস্যরা।

উল্লেখ্য, বিদ্যালয় পরিচালনা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ বিষয়ে গত ৩০ অক্টোবর অসমের মুখ্যমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী, বিধায়ক এবং কর্তৃপক্ষের উদ্দেশে কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেছিল প্রাক্তনী সমিতি। সেই স্মারকলিপির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ধারাবাহিকভাবে ফলো-আপ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আজকের সভায়।

এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পরবর্তী কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় শর্বাণী গোস্বামী, শুভদীপ দেব, শুভ্রজিৎ রায়, প্রিয়ম ধর-সহ অন্যান্য সদস্যরা তাঁদের গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

অন্যদিকে, শীঘ্রই সমিতির একটি সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সভায় নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

পরিশেষে সম্পাদক উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর সভাপতির সমাপ্তি ঘোষণার মধ্য দিয়ে সভার পরিসমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *