
বরাক তরঙ্গ, ১ নভেম্বর : হাইলাকান্দিতে ফের ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক কিশোরীর। শহরতলির বাউরঘাট প্রথম খণ্ড এলাকায় শিলচর-ভৈরবী যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় কিশোরীর। তবে সংবাদ লেখা পর্যন্ত মৃতার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরপর রেল দুর্ঘটনার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

উল্লেখ্য, গত দু’মাসের মধ্যে হাইলাকান্দি জেলায় এটি চতুর্থ রেল দুর্ঘটনা। অল্প সময়ের ব্যবধানে বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটায় রেলপথ সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।




