শিলচর শ্মশানঘাট কালীপূজা নিয়ে জোরদার প্রস্তুতি, থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১ নভেম্বর : শিলচর শ্মশানঘাট বার্ষিক সর্বজনীন কালীপূজা কমিটির উদ্যোগে রবিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে জানানো হয়, প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে শিলচর শ্মশানঘাটের ঐতিহ্যবাহী সর্বজনীন কালীপূজা।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, ৮ নভেম্বর পূজার দিন কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে না। ওই দিন সম্পূর্ণভাবে মায়ের পূজা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের ওপর গুরুত্ব দেওয়া হবে। রাত ১১টা থেকে শুরু হবে অঞ্জলি প্রদান। ভক্তদের উপস্থিতির ওপর নির্ভর করে দুই থেকে তিনটি পর্যায়ে অঞ্জলি গ্রহণ করা হবে। পূজার যাবতীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হতে আনুমানিক রাত ২টা পর্যন্ত সময় লাগবে। এরপর ৯ নভেম্বর ভোর ৪টা থেকে সাধারণ ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে।

এদিকে, এবারের পূজা উপলক্ষে প্রথম দিন একটি মুক্তমঞ্চের ব্যবস্থা করা হয়েছে। যাঁরা গান পরিবেশন করতে চান কিংবা সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মতামত ও প্রতিভা তুলে ধরতে আগ্রহী, তাঁরা এই মুক্তমঞ্চে অংশগ্রহণের সুযোগ পাবেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে মঞ্চ, আলোসহ প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাপনা করা হবে।

এছাড়া ৯ নভেম্বর নূপুর সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে ‘নৃত্যলোক’ শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্যদিকে, আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে বাউল সন্ধ্যা। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রতন বাউল, লালনকন্যা-সহ অন্যান্য শিল্পীরা। সাংবাদিক সম্মেলনে কমিটির পক্ষ থেকে পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *