
বরাক তরঙ্গ, ১ নভেম্বর : রাজ্যে ভূমিকম্পের কম্পন। রবিবার সন্ধ্যায় নিম্ন অসমের একাধিক জেলায় অনুভূত হয় ভূমিকম্পের মৃদু কম্পন। শুধু অসমেই নয়, প্রতিবেশী রাজ্য মেঘালয়, পশ্চিমবঙ্গের পাশাপাশি ভুটান ও বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে এই কম্পন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology)-এর তথ্য অনুযায়ী, ভারতীয় সময় রবিবার সন্ধ্যা ৭টা ১২ মিনিট ২৯ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল অসমের ধুবড়ি জেলায়। ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২৬.১১৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯.৭৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

নিম্ন অসমের ধুবড়ি, কোকরাঝাড়, চিরাং, বঙাইগাঁও এবং দক্ষিণ শালমারা-মানকাচর জেলায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। এছাড়াও মেঘালয়, পশ্চিমবঙ্গ, ভুটান ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় এর প্রভাব পড়ে। তবে এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।



