হাইলাকান্দি থেকে কাছাড় জেলায় অন্তর্ভুক্ত পাঁচগ্রাম থানা, বদলে গেল প্রশাসনিক পরিচয়

Spread the news

বরাক তরঙ্গ, ১ নভেম্বর : প্রশাসনিক মানচিত্রে বড়সড় পরিবর্তন ঘটল বরাক উপত্যকায়। হাইলাকান্দি জেলার অধীনস্থ পাঁচগ্রাম থানা এবার আনুষ্ঠানিকভাবে কাছাড় জেলার অন্তর্ভুক্ত হলো। দুই জেলার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে থানাটির দায়িত্ব হস্তান্তর করা হয়। ফিতা কেটে নতুন প্রশাসনিক ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করেন কাছাড়ের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস।

এদিনের অনুষ্ঠানে পুলিশ সুপার জানান, আগামী কয়েক দিনের মধ্যেই শালচাপড়া এলাকার কয়েকটি গ্রামকেও পাঁচগ্রাম থানার অধীনে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। এর ফলে ওই এলাকার পুলিশি প্রশাসন পরিচালনার ক্ষেত্রেও নতুন সমীকরণ তৈরি হবে। নতুন প্রশাসনিক ব্যবস্থা কার্যকর হওয়ার পর থেকে পাঁচগ্রাম থানায় দায়ের হওয়া সমস্ত মামলার তদন্ত, আইনি প্রক্রিয়া এবং অন্যান্য পুলিশি দায়িত্ব পালন করবে কাছাড় জেলা পুলিশ। পাশাপাশি, থানায় নথিভুক্ত মামলাগুলি কাছাড় জেলার সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, জেলার সীমানা পরিবর্তনের সঙ্গে সঙ্গেই পাঁচগ্রাম থানার প্রশাসনিক পরিচয়েও পরিবর্তন এল। এতদিন হাইলাকান্দি জেলা পুলিশের অধীনে থাকা এই থানা এখন থেকে কাছাড় জেলা পুলিশের অধীনে পরিচালিত হবে। এই পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট এলাকার পুলিশি প্রশাসনে নতুন অধ্যায়ের সূচনা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *