জিরিঘাটে তেলের ট্যাঙ্কার থেকে উদ্ধার বিপুল পরিমাণ মদ, আটক ১

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : কাছাড় পুলিশের নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য। গোপন সূত্রের খবরের ভিত্তিতে জিরিঘাট চেক পোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ এক পাচারকারীকে আটক করল কাছাড় পুলিশ।

জানা যায়, NL-01-G-6208 নম্বরের একটি তেলের ট্যাঙ্কার। সন্দেহ হওয়ায় জিরিঘাট চেক পোস্টে গাড়িটিকে আটকে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় তেলের ট্যাঙ্কারের ভিতরে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ IMFL, যার গায়ে লেখা ছিল “For Sale in Arunachal Pradesh Only”।

উদ্ধার হওয়া মদের পরিমাণ ৫০৮ কার্টনে মোট ১৩,৮৫১ বোতল/ক্যানে প্রায় ৫,৪৯৫ লিটার। এর মধ্যে রয়েছে কিংফিশার, বাডওয়াইজার, টুবর্গ বিয়ার, রয়্যাল স্ট্যাগ হুইস্কি, ওল্ড মঙ্ক রাম, ম্যাজিক মোমেন্টস ভদকা সহ বিভিন্ন ব্র্যান্ড। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে অনুমান।

এই ঘটনায় গাড়ির চালক রোশন কুমার রায়, বাড়ি গুয়াহাটির গড়চুক এলাকায়, তাকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি মোবাইল, ড্রাইভিং লাইসেন্স এবং ট্যাঙ্কারটি বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অরুণাচল প্রদেশের নামে আনা এই মদ অবৈধভাবে মণিপুরে পাচারের চেষ্টা করা হচ্ছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *