উধারবন্দে একই দিনে দুই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : একই দিনে দু’টি পৃথক স্থান থেকে দুই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উধারবন্দ এলাকায়। শুক্রবার সকালে পৃথক দু’টি ঘটনায় মৃতদেহ উদ্ধার করে উধারবন্দ পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রথম ঘটনাটি ঘটে উধারবন্দের রূপসী বাড়ির বিপরীতে অবস্থিত শিবায় মার্কেট কমপ্লেক্সে। সেখানে অমিত চন্দ্র পাল (প্রায় ৩৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। তিনি কালীবাড়ি রোডের বাসিন্দা প্রয়াত ধীরেন্দ্রচন্দ্র পালের দ্বিতীয় পুত্র।

পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিন দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন অমিত। কিন্তু বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করার পর তিনি আর বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে তাঁর এক কর্মচারী দোকানে এসে মার্কেট কমপ্লেক্সের পিছনের দিকে একটি রডের সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে উধারবন্দ পুলিশ ও সার্কল অফিসার প্রণবানন্দ দোয়ারা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

অন্যদিকে, দ্বিতীয় ঘটনাটি ঘটে লার্সিং চা-বাগানের বড় জঙ্গল এলাকায়। চা বাগানের বাসিন্দা রজত মুণ্ডার স্ত্রী শুকুরমণি মুন্ডা বৃহস্পতিবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বিকেল পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ জঙ্গলে তল্লাশি শুরু করলেও বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি।

শুক্রবার সকালে ছোট সিংগার জঙ্গলের একটি গাছ থেকে শুকুরমণি মুন্ডার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মৃতদেহটি থানায় নিয়ে আসে।

একই দিনে দুটি পৃথক স্থানে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। উভয় মৃত্যুর পিছনে কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ পৃথকভাবে দু’টি ঘটনার তদন্ত চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *