যন্ত্রচালিত নৌকায় অনুপ্রবেশের চেষ্টা, ধুবড়িতে ৩৬ জন সন্দেহভাজন বাংলাদেশের নাগরিক আটক

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বড়সড় সাফল্য পেল ধুবড়ি জেলা পুলিশ প্রশাসন। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ধুবড়ির ঐতিহাসিক যোগমায়া ঘাট থেকে ৩৬ জন সন্দেহভাজন বাংলাদেশের নাগরিককে আটক করেছে পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা দক্ষিণ শালমারা-মানকাচর জেলার হাটশিঙিমারি থেকে একটি যন্ত্রচালিত নৌকায় ব্রহ্মপুত্র নদীপথে ধুবড়ির যোগমায়া ঘাটে এসে পৌঁছান। অবৈধভাবে অনুপ্রবেশ করে রাজ্যের অভ্যন্তরে প্রবেশের উদ্দেশ্যে তাঁরা এই যাত্রা করেছিলেন বলে সন্দেহ করছে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে যোগমায়া ঘাটে আগে থেকেই প্রস্তুত ছিল ধুবড়ি পুলিশের একটি দল। নৌকাটি ঘাটে পৌঁছাতেই পুলিশকর্মীরা গোটা দলটিকে ঘিরে ফেলেন এবং ৩৬ জনকে আটক করেন।

আটক ব্যক্তিদের কাছে বৈধ পরিচয়পত্র কিংবা ভারতে প্রবেশের প্রয়োজনীয় নথিপত্র ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বর্তমানে তাঁদের ধুবড়ি পুলিশ শিবিরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

আটক ব্যক্তিদের প্রকৃত পরিচয় নিশ্চিত করার পাশাপাশি তাঁরা কার সহায়তায় নদীপথে সেখানে পৌঁছেছেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই ঘটনার পিছনে কোনও সংগঠিত অনুপ্রবেশ চক্রের যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *