
রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : শ্রীভূমির ঘটনাকে কেন্দ্র করে বরাক উপত্যকার বাঙালি সম্প্রদায়ের মানুষকে বাংলাদেশি তকমা দেওয়ার প্রতিবাদে শিলচরে বিক্ষোভ প্রদর্শন করলেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। শুক্রবার শিলচর জেলা কমিশনারের কার্যালয়ের সামনে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে বাঙালি, মণিপুরি-সহ বিভিন্ন সম্প্রদায়ের স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন।
প্রতিবাদকারীরা জানান, গত ২৩ অক্টোবর শ্রীভূমি জেলায় হিন্দুস্থান ক্লাবের উদ্যোগে দুর্গাপূজা-পরবর্তী অনুষ্ঠানে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার পাশাপাশি সংবাদমাধ্যমে প্রকাশিত শিক্ষিকা ও তাঁর পরিবারের সদস্যদের উপর নির্যাতনের অভিযোগ এবং বরাক উপত্যকার বাঙালি সম্প্রদায়কে লক্ষ্য করে করা অবমাননাকর মন্তব্যের নিরপেক্ষ তদন্ত ও যথাযথ বিচারের দাবিতে তাঁরা সরব হয়েছেন। এদিন কাছাড়ের জেলা কমিশনারের মাধ্যমে রাজ্যপালের উদ্দেশে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।

স্মারকলিপিতে শিক্ষিকার উপর নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্ত, ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্তদের গ্রেপ্তার না করার কারণ অনুসন্ধান এবং উভয় পক্ষের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রেখে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি এনআরসি ও নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার পরও বাঙালিদের বাংলাদেশি আখ্যা দেওয়ার যৌক্তিকতা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে জবাবদিহি দাবি করেন প্রতিবাদকারীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যের পর থেকে রাজ্যে জাতিগত বিদ্বেষ ও বাঙালিবিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে। বরাক উপত্যকার ১১ জন বিধায়ক, দুই মন্ত্রী, চার সাংসদ ও ৪২ জন কাউন্সিলরের নীরব ভূমিকারও সমালোচনা করেন তাঁরা। একই সঙ্গে তাঁদের পদত্যাগের দাবি তোলা হয়।
প্রতিবাদকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে স্পষ্টীকরণ এবং বাঙালিবিদ্বেষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে।



