বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : সোনাইয়ের সোনাবাড়িঘাট জিপির সৈদপুর এলাকায় একটি ই-রিকশা সামনে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ স্থানীয়রা এক যুবককে খালি গায়ে ই-রিকশার পাশে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। বেশকিছুক্ষন এমন অবস্থায় পড়ে থাকতে দেখে যুবকজন মৃত বলে সন্দেহ হয়। এরপর খবর ছড়িয়ে পড়লে লোকরা ভিড় জমান। পৌঁছেন জিপি সভাপতির প্রতিনিধি সুমন রায় ও জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রাকা মজুমদারসহ গ্রুপ সদস্যরা। তাঁরা পুলিশে খবর দেন।

পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার প্রক্রিয়ার কাজ শুরু করেন। স্থানীয় জনপ্রতিনিধিরা অ্যাম্বুলেন্স এনে মৃতদেহটি মেডিক্যালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেন। তবে যুবকের কোন পরিচয় মেলেনি। কীভাবে মৃত্যু ঘটেছে তা পরিস্কার না হলেও অনেকের ধারনা মাদকেই যুবকের প্রাণ কেড়ে নিয়েছে।

এদিকে, স্থানীয়দের অভিযোগ বাইপাস হওয়ার পর থেকে এই এলাকায় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে থাকে। মাদক এবং অসামাজিক কার্যকলাপ বেড়ে যাওয়ায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।



