আনারস চাষের সম্প্রসারণ ও কৃষকদের আয় বৃদ্ধিতে জোর মন্ত্রী পীযূষ হাজরিকার

Spread the news

দেওয়ান চা-বাগানে অয়েল পাম চাষ পর্যালোচনা শিলচরে

রূপক চক্রবর্তী ও বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : বরাক উপত্যকায় কৃষি ক্ষেত্রের উন্নয়ন, ফসলের বৈচিত্র্যকরণ এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করছে অসম সরকার। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার কাছাড় জেলার লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের মারকুলিন এলাকায় আয়োজিত আনারস উৎপাদনকারী কৃষকদের সম্মেলনে অংশ নিলেন রাজ্যের মন্ত্রী পীযূষ হাজরিকা। সম্মেলনে আনারস চাষের সম্প্রসারণ, উন্নত বিপণন ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মারকুলিন অঞ্চলে প্রায় পাঁচ হাজার পরিবার আনারস চাষের সঙ্গে যুক্ত। এই অঞ্চলে আনারস উৎপাদনকে পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বিপণন ব্যবস্থা উন্নত করা এবং কৃষকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান করা গেলে বহু পরিবার উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। এদিন কৃষকদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন তিনি এবং সেগুলির সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

কৃষক সম্মেলনের পর মন্ত্রী পীযূষ হাজরিকা, মন্ত্রী কৌশিক রায়, দুই বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও কিশোর নাথসহ অন্যান্য জনপ্রতিনিধিরা লক্ষীপুর অঞ্চলের আনারস বাগান পরিদর্শন করেন। পাশাপাশি লক্ষীপুর সফরকালে দেওয়ান চা বাগানে চলমান অয়েল পাম চাষের অগ্রগতিও পর্যালোচনা করেন তাঁরা। এ সময় বিধায়ক কিশোর নাথ-সহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, জেলা আয়ুক্তের কার্যালয়ে একটি পর্যালোচনা বৈঠকে অংশ নেন মন্ত্রী পীযূষ হাজরিকা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, কাছাড় জেলার কৃষকদের অধিক ফলন নিশ্চিত করতে সেচ ব্যবস্থার উন্নয়নে গতি আনা হবে। বরাক উপত্যকার কৃষকদের সহায়তা এবং কৃষি ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকার সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রীর এই সফরে আনারস চাষের সম্প্রসারণ, কৃষকদের সমস্যা সমাধান, বিপণন ব্যবস্থার উন্নতি, সেচ সুবিধা বৃদ্ধি এবং অয়েল পাম চাষের সম্ভাবনা খতিয়ে দেখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্ট উদ্যোগগুলির মাধ্যমে বরাক উপত্যকার কৃষিভিত্তিক অর্থনীতি আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *