কটামণির ব্যবসায়ী মনোজ ঘোষের আকস্মিক মৃত্যু

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : কটামণি বাজারের বাসিন্দা তথা ব্যবসায়ী মনোজ ঘোষ (৫৫) আর নেই। বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি।

তাঁর আকস্মিক মৃত্যুর খবরে গোটা কটামণি বাজার ও সংলগ্ন এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোকস্তব্ধ পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, ব্যবসায়ী মহল থেকে শুরু করে পরিচিতজন ও শুভানুধ্যায়ীরা।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে প্রতিদিনের মতো পুজাপাঠ সেরে কটামণি বাজারস্থিত নিজের বাসভবন থেকে ইচাবিল চা-বাগানের কালীবাড়ি সংলগ্ন তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন মনোজ ঘোষ। সকাল আনুমানিক সাড়ে ৯টা নাগাদ তিনি নিজের প্রতিষ্ঠানে পৌঁছান। সেখানে কর্মচারীদের সঙ্গে কথা বলে ব্যবসাপ্রতিষ্ঠানের কাজকর্মের খোঁজখবর নিচ্ছিলেন। সবকিছুই ছিল স্বাভাবিক। কিন্তু আচমকাই শারীরিক অস্বস্তি অনুভব করতে শুরু করেন তিনি। নিজের অসুস্থতার কথা কর্মীদেরও জানান। এরপর মুহূর্তের মধ্যেই পরিস্থিতির অবনতি ঘটে। কর্মচারীদের সামনেই বসে থাকা চেয়ার থেকে হঠাৎ ঢলে পড়েন তিনি। এমন আকস্মিক ঘটনায় কর্মচারীরা তৎক্ষণাৎ তাঁকে সামলে ধরেন এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগী হন। তাঁকে বাজারিছড়ার মাকুন্দা খ্রিস্টান মিশনারি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু শেষরক্ষা আর হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

তিনি রেখে গেছেন স্ত্রী, এক কন্যা, দুই পুত্র, তিন ভাই, এক বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও গুণমুগ্ধ মানুষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *