বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : প্রাণের শিল্পী জুবিন গর্গের ন্যায়বিচারের দাবিতে সোনাপুরের জুবিনক্ষেত্র-সহ অসমের বিভিন্ন স্থানে প্রতিবাদ অব্যাহত রয়েছে। এরই মধ্যে জুবিন গর্গের ন্যায়বিচারের দাবিতে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের কাছে স্মারকলিপি পেশ করলেন তাঁর স্ত্রী গরিমা শইকিয়া গর্গ। বুধবার কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এদিন সাত দফা দাবিসংবলিত স্মারকলিপি জমা দেওয়া হয়। বিচারপ্রক্রিয়া যাতে সঠিক ও শক্তিশালী পথে এগিয়ে যায়, সেই আশাতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
স্মারকলিপি পেশ করার পর সংবাদমাধ্যমের সামনে গরিমা শইকিয়া গর্গ বলেন, “এই মামলার মূল অভিযুক্তরা যাতে কোনওভাবেই জামিন না পান এবং ন্যায়বিচারের লড়াইয়ে কোনও শিথিলতা না আসে, তার জন্য আমরা রাজ্যপালের কাছে আবেদন জানিয়েছি।”

তিনি আরও জানান, আগামী ৪ ও ৬ নভেম্বর এই মামলার দুই প্রধান অভিযুক্ত শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মার জামিন সংক্রান্ত গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। গরিমার অভিযোগ, জেলে থাকা সত্ত্বেও মূল অভিযুক্ত শ্যামকানু মহন্ত সাক্ষ্যপ্রমাণ নষ্ট করার মতো গুরুতর কাজ করার সাহস দেখিয়েছেন।

এই গুরুত্বপূর্ণ সময়ে অভিযুক্তরা জামিন পেয়ে বাইরে বেরিয়ে এলে তা সমাজের সামনে বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। যাঁরা এখনও জামিন পাননি, তাঁদের জামিনের আবেদন খারিজ করার পাশাপাশি ইতিমধ্যে জামিন পাওয়া অভিযুক্তদের বিরুদ্ধেও আদালতকে কঠোর আইনি অবস্থান গ্রহণের দাবি জানিয়েছেন গরিমা।
এদিকে, গত বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে ঠিক কী ঘটেছিল, তা স্পষ্ট করারও দাবি জানান তিনি। গরিমার কথায়, সাধারণ মানুষের পাশাপাশি জুবিন গর্গের পরিবারও জানতে চায়, কীভাবে এবং কেন ওই মর্মান্তিক ঘটনা ঘটেছিল। তাঁর অভিযোগ, জুবিন গর্গের মতো এক বিশাল ব্যক্তিত্বকে শেষ করে দিতেও অভিযুক্তরা পিছপা হননি।



