বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : চিকিৎসক ও নার্সের স্বল্পতা, রোগীদের চিকিৎসা পরিষেবা পেতে ভোগান্তি এবং হাসপাতাল চত্বরে দুর্গন্ধ—এই তিনটি সমস্যাকে ঘিরে ফের চর্চায় উঠে এল করিমগঞ্জ সরকারি হাসপাতাল। মঙ্গলবার হাসপাতাল পরিদর্শনে এসে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহলের সামনে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও রোগীদের দুর্ভোগের চিত্র তুলে ধরেন উপস্থিত সাংবাদিকরা। চিকিৎসক ও নার্সের অভাবে রোগীদের হয়রানির অভিযোগ শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী। পাশাপাশি হাসপাতালের চিকিৎসা পরিষেবার উন্নতির লক্ষ্যে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের কথাও জানান তিনি।

মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার, শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, জেলা কমিশনার প্রদীপকুমার দ্বিবেদী এবং পুরপতি রবীন্দ্রচন্দ্র দেবকে সঙ্গে নিয়ে করিমগঞ্জ সরকারি হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসা পরিষেবা, চিকিৎসক ও নার্সের ঘাটতি এবং রোগীদের বিভিন্ন সমস্যার বিষয়টি মন্ত্রীর নজরে আনা হয়। হাসপাতাল চত্বরে দুর্গন্ধের সমস্যাও তুলে ধরা হয়। এসব সমস্যার কারণে রোগীদের চিকিৎসা পরিষেবা পেতে যে দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিকরা।

চিকিৎসক ও নার্সের স্বল্পতার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি চারজন বিশেষজ্ঞ চিকিৎসক দেওয়ার ঘোষণা হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে নতুন আশার সঞ্চার করেছে। তবে দীর্ঘদিনের সমস্যাগুলির কত দ্রুত সমাধান হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন রোগী ও তাঁদের পরিজনেরা।



